হাওরে কৃষকদের ঋণ মওকুফ করার দাবি গণফোরামের
আগাম বন্যায় হাওরের ফসলডুবির ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে গণফোরাম। অতিসত্বর হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার পাশাপাশি ওই অঞ্চলের কৃষকদের নেওয়া ঋণ মওকুফ করার দাবিও জানানো হয়েছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার বিকেলে গণফোরামের ঢাকা মহানগর কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি চলছে। ১৪২টি হাওরের বাঁধ ভেঙে ধানের জমি ভাসিয়ে দিল, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হলো না।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার বলেন, হাওরের ওই অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরবাড়ি নির্মাণে সুদমুক্ত ঋণ দেওয়া হোক। পাশাপাশি এক বছরের জন্য তাদের নেওয়া ঋণ মওকুফ করা হোক।
মহানগর গণফোরামের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্দিকুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিকুল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।