হাওরে গুলি, ১৮ জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরের ছাতিধরা বিলে গতকাল বুধবার দুপুরে ইজারাদারের লোকজনের গুলিতে ১৮ জন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে হালির হাওরের ছাতিধরা বিলের ডোবাতে মাছ ধরতে যান স্থানীয় লক্ষ্মীপুর গ্রামের জেলেরা। খবর পেয়ে ছাতিধরা বিলের ইজারাদারের লোকজন এসে জেলেদের মাছ ধরতে বাধা দেন। কিন্তু ওই অংশটি বিলের ইজারার অংশ নয় দাবি করে জেলেরা সেখানে মাছ ধরতে থাকেন। পরে বিলের পাহারাদারেরা প্রথমে লাঠিসোঁটা নিয়ে জেলেদের ওপর হামলা চালান। জেলেরা পাল্টা হামলা চালালে ইজারাদারের লোকজন ছররা গুলি ছোড়ে। এতে ১৮ জন জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন।আহত জেলেরা হলেন লক্ষ্মীপুর গ্রামের ছয়ফুল (২৭), বাবলু মিয়া (২৫), সাইফুল আলম (২৬), নবী হোসেন (৩৬), আজিজুল (৪০), শফিক আলম (২৫), আকিজ নূর (৩২), শের আলম (৩৩), নবীরুল আলম (৩৪), নূর আলম (৩২), নিমামুল ইসলাম (২৮), আসাম আলী (৩০), শিমন মিয়া (২২), ঝুনু মিয়া (৩৮), তৌফিক মিয়া (২৭), নুরুল হক (৩৮), শাকিম উদ্দিন (৩৫) ও হুমায়ুন মিয়া (২৮)। তাঁদের প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন জানান, কাগজপত্রে ছাতিধরা বিলের ইজারাদার হিসেবে ইনচানপুর মৎস্যজীবী সমবায় সমিতির নাম থাকলেও এটি নিয়ন্ত্রণ করেন জেলা শহরের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ইজারাদারদের ব্যবস্থাপক বদিউজ্জামান বলেন, গোলাগুলির সময় তিনি সেখানে ছিলেন না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা-ও জানেন না। তবে মালিকেরা বলতে পারবেন। মালিক কারা জানতে চাইলে তিনি সুনামগঞ্জ শহরের আফতাব মিয়া ও জিয়াউল হকের নাম বলেন।জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুল আলম বলেন, ‘বিলের ইজারা নিয়ে প্রভাবশালী দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব আছে। এ নিয়ে হাওরে দুই বার গোলাগুলির ঘটনা ঘটেছে। ইজারাদারের লোকজন সুযোগ পেলেই নিরীহ জেলেদের ওপর গুলি চালায়।’জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ‘হাওরে ইজারাদারের লোকজনের সঙ্গে স্থানীয় জেলেদের সংঘর্ষে ১৮ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। এখনো কেউ কোনো অভিযোগ দেইনি।’