হাওরে চাঁদাবাজির শিকার শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হাওরের নদীপথে ধান কাটার শ্রমিকেরা চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে বোরো ধান কাটতে আসা ওই শ্রমিকেরা ঘোড়াউত্রা ও ধনু নদীপথে ওই চাঁদাবাজির শিকার হচ্ছেন।শ্রমিকেরা অভিযোগ করেন, মিঠামইন নৌ ফাঁড়ির পুলিশ ও বিভিন্ন সমিতির নামে এসব চাঁদা আদায় করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, ইঞ্জিনচালিত নৌকাযোগে নদীপথে হাওরে যাওয়ার সময় তাঁদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদা না দিলে ওই চক্র তাঁদের নৌকা আটক করে রাখে। এ অবস্থায় তাঁরা ভয়ে চাঁদা বন্ধের দাবিও কারও কাছে করতে পারছেন না।নাম প্রকাশে অনিচ্ছুক পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জের কয়েকটি নৌকার সর্দার জানান, নৌকা থেকে শ্রমিকদের নামিয়ে জনপ্রতি ১০ টাকাসহ নৌকাপ্রতি ২০০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। এ বছর হরতাল-অবরোধের কারণে শ্রমিকেরা ট্রেনে ও বাসে করে আসতে পারেননি। তাঁরা এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কিশোরগঞ্জের হাওরে ধান কাটতে আসছেন। কিন্তু পথে এই চাঁদাবাজির শিকার হতে হচ্ছে তাঁদের।এলাকাবাসীর অনেকে জানান, প্রতিবছরের মতো এবারও পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালপুর, শেরপুর থেকে ধান কাটার হাজার হাজার শ্রমিক নৌপথে কিশোরগঞ্জের হাওরের নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা উপজেলাসহ পাশের জেলা সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন হাওরের ধান কাটতে আসতে শুরু করেছেন।অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন বলেন, নৌ মালিক সমিতির ভুয়া নাম ব্যবহার করে যারা চাঁদা আদায় করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পুলিশের বিরুদ্ধে যদি এ রকম অভিযোগ পাওয়া যায়, তাহলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।