হাওরে জলমহাল বরাদ্দে অনিয়ম
হাওরাঞ্চলের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার ব্যবস্থা করা উচিত। প্রতিটি ওয়ার্ডে সরকারের ধান ক্রয়কেন্দ্র ও নায্যমূল্যে সারসহ কৃষি উপকরণ বিক্রয়কেন্দ্র স্থাপন জরুরি হয়ে পড়েছে।কারণ বীজ, সারসহ সব কৃষি উপকরণের সরবরাহ কম হওয়ার কারণে সঠিক সময়ে এসব উপকরণ কৃষকেরা পাচ্ছেন না। পাওয়া গেলেও সেগুলো নির্ধারিত মূল্য অপেক্ষা দ্বিগুণ-তিন গুণ মূল্যে কিনতে হয়।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের মীরাবাজার এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে ‘হাওরবাসীর চাহিদা ও হাওর উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংগঠন আইডিয়া, অক্সফাম, গ্রো ও সিএসআরএলের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এস করিম।তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বারের সঞ্চালনায় হাওরবিষয়ক বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন করেন শরিফুজ্জামান শরিফ, উন্নয়ন সংগঠক নজমুল হক ও মুন্নি সাহা। পরে মুক্ত আলোচনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম, আইনজীবী ফাল্গুনী বুন, সালেহীন চৌধুরীসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ হাওরাঞ্চলের বাসিন্দারা অংশ নেন। সি এস করিম বলেন, সিলেটে অনেক পতিত জমি রয়েছে।সেগুলোকে কৃষির আওতায় নিয়ে আসতে হবে। হাওরের সমস্যাগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা উচিত। এ জন্য সরকারের পক্ষ থেকে একটি মাস্টারপ্ল্যানও গ্রহণ করা যেতে পারে। তবে সবার আগে কৃষকদের সঠিক সময়ে নায্যমূল্যে বীজ, সার, ডিজেল ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে হবে। তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, বর্ষা মৌসুমে হাওরে বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় এসব এলাকার বাসিন্দারা অলস ও বেকার সময় কাটায়। এতে করে হাওরের প্রায় এক কোটি জনগোষ্ঠীর সময় নষ্ট হচ্ছে। এ কারণে এই বিপুলসংখ্যক জনগোষ্ঠীর শ্রম থেকে রাষ্ট্র পুরোপুরি বঞ্চিত হচ্ছে।মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, হাওরাঞ্চলের নদী, বিল ও সরকারি জলমহালগুলো প্রভাবশালীদের অধীনে ইজারা হচ্ছে। হাওরে জলমহাল বরাদ্দে ব্যাপক রাজনৈতিক প্রভাব ও অনিময় হচ্ছে। এতে করে প্রকৃত জেলেরা ইজারা পাচ্ছেন না। এসব ইজারাদার ইজারানীতি মেনে চলছেন না। এমনকি অমৎস্যজীবীরা মৎস্যজীবীর পোশাক পরে জলাশয়ের শ্রেণী পরিবর্তনের কাজ করছেন। বিল সেচে ও কাপড়ের জাল দিয়ে মাছ ধরার কারণে হাওরের মৎস্য সম্পদ দিনে দিনে কমে যাচ্ছে।বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলের মানুষের অসচেতনতার কারণে বাল্যবিবাহ ও যৌতুক মারাত্মক আকার ধারণ করছে। নারী নির্যাতনও খুব বেশি হচ্ছে। নারীর অধিকার বা নারীর সমমর্যাদা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাই সংসারে কিংবা কর্মক্ষেত্রে নারীর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কম। নারীর কোনো সামাজিক অবস্থান নেই বললেই চলে।