হাওরে জেলেদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওর এলাকায় দরিদ্র জেলেদের সরকারি খাদ্যসহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য ভুয়া সংগঠনের নামে টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে। ‘নবীন মৎস্য ও কৃষি ফাউন্ডেশনের’ নামে এই টাকা আদায় করছে একটি চক্র।

জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হাওর এলাকার দরিদ্র জেলেদের চার মাস খাদ্যসহায়তা দিতে সরকার একটি কর্মসূচি হাতে নিয়েছে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি জেলেদের খসড়া তালিকা করবে। কর্মকর্তারা আরও জানান, দেশি পোনা ও মাছ সংরক্ষণে জেলেদের হাওরে মাছ ধরা থেকে বিরত রাখাই এর মূল উদ্দেশ্য। সম্প্রতি এই কর্মসূচির আওতায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার প্রকৃত জেলে পরিবার ও জেলেদের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সুযোগে সুনামগঞ্জের হাওর এলাকায় ‘নবীন মৎস্য ও কৃষি ফাউন্ডেশন’ জেলেদের নাম তালিকাভুক্ত করতে ২০০ টাকা করে আদায় করছে। সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের জেলে রিপন বর্মণ প্রথম আলোকে জানান, ২০০ টাকা দিয়ে নাম তালিকাভুক্ত করলে প্রতি মাসে ৪৫ কেজি চাল, পাঁচ কেজি তেল, তিন কেজি ডাল এবং নগদ এক হাজার টাকা করে দেওয়া হবে বলে ওই সংগঠনের লোকজন জানিয়েছেন। ইতিমধ্যে গ্রামের ৫০-৬০ জন জেলের কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে।

ইব্রাহিমপুর গ্রামের মৎস্যজীবী খুর্শিদ আলম, রমজান মিয়া, আমজাদ, জগন্নাথপুরের জয়কৃষ্ণ বর্মণ, রহমতপুর গ্রামের হান্নান মিয়া, উত্তর আরপিন নগরের মিনু মিয়া নাম তালিকাভুক্তির জন্য টাকা দিয়েছেন বলে জানান।

জেলেদের অভিযোগ, টাকা আদায়ের সঙ্গে সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিন নগরের ফজলু মিয়া, আলাউর রহমান, রহমতপুরের আবদুল্লাহসহ একটি চক্র জড়িত।

সুনামগঞ্জ সদর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহ্ আলম বলেন, এই চক্রটি সারা জেলায় ছড়িয়ে পড়েছে। এক মাসে কয়েক হাজার জেলের কাছ থেকে তারা টাকা আদায় করেছে।

নবীন মৎস্য ও কৃষি ফাউন্ডেশন সংগঠনের পরিচালকদের একজন সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিন নগর এলাকার বাসিন্দা আলাউর রহমান প্রথম আলোকে জানান, সরকারের খাদ্যসহায়তা কর্মসূচির বিষয়টি তাঁরা জানেন। তাঁদের সংগঠন একটি বেসরকারি সংস্থা (এনজিও)। সদস্য চাঁদা এবং বিবিধ খরচ হিসেবে জেলেদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে। আলাউর রহমান বলেন, ‘আমরা সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিচ্ছি না। সমিতির সদস্য ফি হিসেবে নিচ্ছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় নবীন মৎস্য ও কৃষি ফাউন্ডেশনের কোনো কার্যালয় নেই। জেলা সমাজসেবা অধিদপ্তর থেকেও এই সংগঠনের নিবন্ধন নেই বলে জানানো হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ বলেন, স্থানীয় প্রশাসন ও মৎস্য কার্যালয় মিলে প্রকৃত জেলেদের তালিকা করবে। অন্য কেউ সেটা করতে পারবে না। কাউকে সেই দায়িত্ব দেওয়া হয়নি।

সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. তোরণ মিয়া বলেন, এই সংগঠনের কোনো নিবন্ধন নেই। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।