সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসা কর্মকর্তা নেই।
এই দুটির একটিতে ওয়ার্ডবয় ও আরেকটিতে একজন চিকিৎসা সহকারী দিয়ে জোড়াতালির স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এতে এই দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপস্বাস্থ্যকেন্দ্র দুটির প্রতিটিতে একজন করে চিকিৎসা কর্মকর্তা, একজন চিকিৎসা সহকারী, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস থাকার কথা রয়েছে।
২০১৩ সালের ২৬ অক্টোবর সেলবরষ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান অন্যত্র বদলি হন।
এ অবস্থায় একজন ওয়ার্ডবয় ও একজন এমএলএসএস এই কেন্দ্রটির কার্যক্রম চালিয়ে আসছেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে ২০১০ সালের ১ ডিসেম্বর চিকিৎসা কর্মকর্তা মনোয়ারুল সাদিক যোগ দেন। মাত্র এক দিন দায়িত্ব পালন করে তিনি আর কর্মস্থলে যাননি।
সেই সময় থেকে একজন চিকিৎসা সহকারী ও একজন এমএলএসএস কেন্দ্রটি চালাচ্ছেন।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গিয়ে দেখা যায়, সেলবরষ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে ১৫-২০ জন রোগী চিকিৎসাসেবা নিতে এসেছেন। চিকিৎসা নিতে আসা সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের রুমেনা আক্তার বলেন, ‘এইহানে কোনো ডাক্তার নাই, ওষুধও নাই, এইডা কোনো হাসপাতাল অইল।
এইহানে একজন ডাক্তার দিলে আমরার মতো গরিবের লাইগ্যা খুব উপকার অইত।’
এই কেন্দ্রের ওয়ার্ডবয় আমিরুল ইসলাম বলেন, ‘এখানে চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয় না। চিকিৎসক না থাকায় আমি সাধ্যমতো রোগীদের চিকিৎসাসেবা আসছি।’
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী সন্তোষ চন্দ্র ভৌমিক জানান, দৈনিক ৪০-৪৫ জন রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। কিন্তু চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয় না। এতে সমস্যা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, এই দুটি উপস্বাস্থ্যকেন্দ্রের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার বলেন, ‘ওই দুটি উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক দেওয়ার সুপারিশ করে আমি স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছি।’