হাওরে ডুবে মারা গেলেন রাজউক কলেজের ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরে শখ করে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় শাহাদাত। তিন ঘণ্টা পর করিমগঞ্জ চামড়া বন্দর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ছবিটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
হাওরে শখ করে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় শাহাদাত। তিন ঘণ্টা পর করিমগঞ্জ চামড়া বন্দর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ছবিটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।

হাওরের বিস্তীর্ণ জলরাশি আর উথাল-পাতাল ঢেউ দেখার শখ ছিল শাহাদাতের। আর সেই শখ পূরণ করতে বন্ধুদের সঙ্গে ছুটে এসেছিল কিশোরগঞ্জে। সকালে নৌকা করে ঘুরতে বের হওয়ার আগে সাধ জাগে হাওরে গোসল করার। কিন্তু পানিতে ডুব দিয়ে আর ওঠে আসেনি শাহাদাত। তিন ঘণ্টা পর করিমগঞ্জ চামড়া বন্দর এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়।
শাহাদাত হোসেনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামে। সে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাতের সহপাঠী ও বন্ধু জিয়াউর রহমানের বাড়ি করিমগঞ্জের গুজাদিয়া গ্রামে। হাওর ঘুরে দেখবে বলে গতকাল শনিবার জিয়াউরের সঙ্গে শাহাদাত ও আরেক সহপাঠী মোস্তাহিদ কিশোরগঞ্জে আসে। আজ সকাল ১০টার দিকে তারা করিমগঞ্জের চামড়া বন্দরে পৌঁছায়। সেখানে গিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা ভাড়া করে ঘাটে কিছুক্ষণ তারা ছবি তুলে। নৌকা ভ্রমণের আগে চামড়া বন্দরে গোসল করার সিদ্ধান্ত নেয় তারা। প্রথমে জিয়াউর এরপর শাহাদাত পানিতে নামে। আর মোস্তাহিদ তাদের পানিতে নামার দৃশ্য ক্যামেরাবন্দী করছিল। কিন্তু শাহাদাত ডুব দেওয়ার পর উঠছে না দেখে দুই বন্ধু চিত্কার শুরু করে। ঘাটে উপস্থিত মাঝি ও লোকজন খোঁজাখুঁজি করেও শাহাদাতকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে পুলিশ এসে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
বন্ধুকে হারিয়ে নির্বাক হয়ে পড়েন জিয়াউর রহমান ও মোস্তাহিদ। জিয়াউর রহমান জানান, অনেক দিন আগ থেকে নৌকায় করে হাওর দেখার শখ ছিল শাহাদাতের। মূলত শাহাদাতের শখের কারণে ছুটির দিনে গ্রামে আসা। পানি দেখে শাহাদাত আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং গোসল করার আবদার করে। চোখের পানি ছেড়ে দিয়ে জিয়াউর রহমান বলেন, ‘এই আবদার রাখলে বন্ধুকে চিরকালের জন্য হারাতে হবে জানলে পানির ধারে কাছে যেতাম না।’
মোস্তাহিদ বলেন, ‘আমি সাঁতার জানি না। এই কারণে শখ হলেও পানিতে নামিনি। আমার ওপর দায়িত্ব পড়ে তাদের গোসলের ছবি তোলা। সেই কাজটিই করছিলাম। হঠাত্ দেখি শাহাদাত নেই।’
এদিকে শাহাদাতের মৃত্যুর সংবাদ জেনে বিকেলে করিমগঞ্জে আসেন তার পরিবারের সদস্যরা। শাহাদাতের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
শাহাদাতের বাবা নূর হোসেন বলেন, আজ ছিল জন্মাষ্টমীর বন্ধ। বন্ধের দিনে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে শনিবার বাসা থেকে বের হয়ে যায় শাহাদাত।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি গোসল করতে গিয়ে শাহাদাত পানিতে ডুবে মারা গেছে।’