উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাঁধ ভেঙে জালিয়ার হাওরের প্রায় দেড় হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে বর্নি নদীর পাশে কচুয়া নামক স্থানে বাঁধটি ভেঙে যায়।
ফলে ওই হাওরে আবাদ করা অন্তত ১০টি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ দিন ধরে এসব গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধের ওপর মাটি, বালুর বস্তা ও পলিথিনের কাগজ দিয়ে এটি টিকিয়ে রাখার চেষ্টা করছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, কেন্দুয়ায় দুটি হাওর আছে। একটি জালিয়া, অপরটি সুনুই। গতকাল জালিয়া হাওরে পানি ঢুকে প্রায় দেড় হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে বড়তলা, মোজাফরপুর, গগডা, গোপালাশ্রম, হারুলিয়া, চারিতলা, চৌকিধরা, নয়াপাড়া, মামুদপুরসহ অন্তত ১০টি গ্রামের কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলায় এ বছর ১৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত পানিতে নষ্ট হয়েছে ২ হাজার ১০০ হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৫০ জন। এর আগে খালিয়াজুরি ও মোহনগঞ্জের হাওরের ধান তলিয়ে যায়।
মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ১৫ দিন ধরে হাজারো মানুষ চেষ্টা করেও বাঁধটি শেষ রক্ষা করা গেল না। বাঁধটি ভেঙে চোখের নিমেষেই সব জমি তলিয়ে গেছে।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নেত্রকোনায় এ বছর ১ লাখ ৮৪ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ লাখ ৫৫ হাজার ৪০ মেট্রিক টন ধান। কিন্তু সম্প্রতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গতকাল পর্যন্ত ৫০ হাজার ১২০ হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে নষ্ট হয়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৮০টি কৃষক পরিবার। এর মধ্যে খালিয়াজুরি উপজেলায় ৯৯ শতাংশ বোরো ধান নষ্ট হয়েছে। খালিয়াজুরির ছোট-বড় ৮৯টি হাওরে এবং মোহনগঞ্জের সবচেয়ে বড় হাওর ডিঙ্গাপোতায় ফসল নষ্ট হওয়ার পর পানি দূষিত হয়ে দুই দিন ধরে মাছ, কাঁকড়াসহ বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠছে। এসব এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে মাছ ধরা ও খেতে নিষেধ করে মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ধান পচে পানিতে অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড গ্যাসের সৃষ্টি হয়ে মাছসহ কিছু জলজ প্রাণী মারা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মানুষকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে।