হাওর এলাকায় বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগের বিষয়ে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দুর্নীতি বা অনিয়ম হয়নি, সেটা তিনি বলছেন না। যারা চুরি করবে, তাদের অবশ্যই ধরা হবে। তবে দুর্নীতি হলে সেটা তদন্ত করে বলতে হবে। তদন্ত-প্রমাণের আগে মানুষকে খুশি করার রাজনীতির জন্য এগুলো বলে প্রতিষ্ঠানকে ধ্বংস করা উচিত নয়।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সদস্য মুহিবুর রহমান মানিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, অনেকে প্রকৃত তথ্য না জেনে রাজনীতির নামে মানুষকে খুশি করার জন্য কোটি কোটি টাকার দুর্নীতি-লুটপাটের কথা বলছেন। হাওর অঞ্চলে বাঁধের জন্য বরাদ্দ হয়েছে ২০ কোটি টাকা। এর মধ্যে রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে নয় কোটি। অথচ বলে দেওয়া হলো কোটি কোটি টাকার লুটপাটের কথা।
হাওরের ঘটনা তদন্তকারী দুর্নীতি দমন কমিশনের (দুদকের) দলের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, সরকারি একটি প্রতিষ্ঠান সেখানে তদন্তে গেল। তাদের জানানো হলো ইঁদুর গর্ত করার কারণে বাঁধ ভাঙতে পারে। এটা শুনে তারা হেসে উড়িয়ে দিল। প্রতিটি বিষয়ের আলাদা কিছু ধরন রয়েছে। এইগুলো না জেনে এভাবে হেসে উড়িয়ে দিলে তো হয় না।
মন্ত্রী জানান, হাওর অঞ্চলে ১ হাজার ৪৫৫ কিলোমিটার বাঁধ রয়েছে। আর এই দীর্ঘ বাঁধ দেখভালের জন্য মাত্র ১০ জন প্রকৌশলী রয়েছেন।
অবশ্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের মৌখিক উত্তরে পানিসম্পদমন্ত্রী হাওর অঞ্চলের বাঁধ ভেঙে যাওয়ার পেছনে কারও অনিয়ম, দুর্নীতি বা অবহেলার প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন। মন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা কোনো অবহেলার কারণে হাওরের বাঁধগুলো ভেঙেছে কি না, তা তদন্তে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেবে। প্রতিবেদনে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থাসহ প্রতিবেদনের সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্প বাতিল বিষয়ে বিএনএফের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দূরদর্শিতা ও সফল নেতৃত্বে গঙ্গা চুক্তি হয়েছে। আমরা পানি পাচ্ছি। এই পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য গঙ্গা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু ব্যারেজ নিয়ে প্রশ্ন উঠেছে। এ জন্য আমরা উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি করে দিয়েছি। ওই কমিটি পানির সর্বোত্তম ব্যবহারে যেসব সুপারিশ করবে, তারপর ঠিক করা হবে এই বিষয়ে কী করা হবে।’