হাওরে দ্রুত ধান কাটতে মাইকিং কৃষকের মধ্যে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেট-সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের পানি এসে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এলাকার অনেক হাওরের বাঁধ তলিয়ে যাবে, ডুবে যাবে হাওরের ফসল। তাই জরুরি ভিত্তিতে ফসল কাটতে এলাকার কৃষকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে...।’ এ রকম একটি ঘোষণা গতকাল রোববার দুপুরে মাইকে প্রচার করা হয় জেলার ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায়। এরপরই কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ছোটেন হাওরে। অনেকেই নেমে পড়েন ধানা কাটায়। প্রচার মাইকে অনুরোধের জায়গায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা বলা হচ্ছে। জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধরমপাশা উপজেলার ১০টি ইউনিয়নেই এভাবে মাইকিং করতে বলা হয়েছে। এই নির্দেশনা প্রশাসন পেয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে। মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ তালুকদার বলেন,‘এভাবে মাইকিং না করলেও হতো। এতে স্বাভাবিকভাবেই কৃষকেরা আতঙ্কিত হবেন।’ ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শহীদুল ইসলাম জানান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন সিলেট ও সুনামগঞ্জে নদ-নদীর পানি বেড়ে গেছে। তাই কৃষকদের দ্রুত হাওরের ধান কাটার জন্য সচেতন করতে মাইকিং করতে হবে। শহীদুল ইসলাম বলেন,‘২৪ ঘণ্টা বলা হলেও হাওরে পানি ঢুকতে দু-এক দিন সময় লাগবে বলে আমাদের জানানো হয়েছে। মূলত পাকা ধান কৃষকেরা যেন দ্রুত কেটে ফেলেন, সে জন্যই এটা করা হয়েছে বলে ধারণা করছি।’ সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, পয়লা মে থেকে এ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এমনিতেই গত কয়েক দিনে সিলেটে ও সুনামগঞ্জে নদীর পানি বেড়ে গেছে। নিয়মিত বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছে। যেকোনো সময় পাহাড়ি ঢল নামতে পারে। এ ছাড়া হাওরে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। মিজানুর রহমান বলেন,‘হাওরের সব ধানই এখন পেকে গেছে। সুতরাং পাকা ধান যেসব এলাকায় কম কাটা হচ্ছে, সেসব এলাকাতে এই সর্তকতামূলক প্রচার চালানো হচ্ছে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শেই করা হচ্ছে। এটি কৃষকদের ভালোর জন্য, আতঙ্কিত করার জন্য নয়।’ উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার পাল জানান, এই উপজেলায় ২৯ হাজার ৮৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ পর্যন্ত ৪০ শতাংশ জমির ধান কাটা হয়েছে।