হাওরে ধান হারানো কৃষকদের ঈদের আনন্দ নেই
কিশোরগঞ্জের হাওরে আগাম বন্যায় ধান হারানো মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। এ নিয়ে তাদের মধ্যে কোনো কোলাহলও নেই। ঈদে ছেলেমেয়েদের নতুন জামাকাপড় দিতে না পেরে অনেক মা-বাবার মুখই মলিন।কিশোরগঞ্জের বিভিন্ন হাওর উপজেলার গ্রামে গিয়ে দেখা গেছে, অনেকের ঘরে প্রয়োজনীয় খাবার নেই। এর মধ্যে কীভাবে সন্তানদের নতুন জামাকাপড় ও ঈদসামগ্রী কিনে দেবেন সেই দুশ্চিন্তায় আছেন অনেকে। মিঠামইন উপজেলার চারিগ্রামের গৃহিণী যশোদা আক্তার (৪৮) বলেন, ‘হাওরে চার একর জমির পুরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচ সদস্যের পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারছেন না। তারপর ঈদ এসে গেছে। প্রতিবার ঈদে কিশোরগঞ্জ শহরে গিয়ে ছেলেমেয়ে ও নিজেদের জন্য ঈদের জামাকাপড়সহ অন্যান্য জিনিসপত্র কিনতেন। কিন্তু এবার ধান হারিয়ে বছরের ব্যয় মেটানোই কষ্টকর হয়ে পড়েছে। তাই এ বছর শহর থেকে সন্তানদের পছন্দমতো জামাকাপড় কিনে দিতে পারিনি।’ ইটনা উপজেলার ধনপুর গ্রামের ইসহাক মিয়া (৫০) জানান, গত বোরো মৌসুমে ধনপুর হাওরে তাঁর ছয় একর জমির আধাপাকা ধান বন্যায় তলিয়ে যাওয়ায় সাত সদস্যের পরিবার নিয়ে তিনি বিপাকে পড়েছেন। ছেলেমেয়েদের এবার নতুন জামাকাপড় কিনে দিতে পারেননি। তাই তাঁর মন খারাপ। আগাম বন্যা ছেলেমেয়েদের ঈদের আনন্দ মাটি করে দিয়েছে। অষ্টগ্রাম উপজেলার কাস্তল গ্রামের পিপলু মিয়া (৩৯) জানান, বন্যায় ধান হারিয়ে এখন তিনি সর্বস্বান্ত। বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। ঈদ তো পরের কথা।নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের কৃষক আইয়ুব আলী (৫৫) বলেন, ‘ধান হারিয়ে গ্রামের কয়েক শ পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। কারণ হাওরের মানুষ একমাত্র বোরো ধানের ওপর নির্ভরশীল। ধান নেই তাই আমাদের ঈদও নেই।’ হাওরের এমন অনেক কৃষক পরিবারের সঙ্গে কথা বললে তারা কান্নাজড়িত কণ্ঠে জানায়, টাকার অভাবে ঈদের উৎসব করতে পারছেন না। অকাল বন্যায় ধান হারিয়ে তাঁদের এ অবস্থা হয়েছে।ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন জানান, হাওরের চারটি উপজেলায় যেসব পরিবার আগাম বন্যায় ধান হারিয়েছে তাদের মধ্যে ঈদের আনন্দ অনেকটাই মলিন। সরকারিভাবে যেসব সাহায্য আসছে প্রশাসনের পক্ষ থেকে তা সুষ্ঠুভাবে বণ্টনের চেষ্টা করছি। মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান ও ইটনা উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, গত বোরো মৌসুমে হাওরের ৬০ ভাগ ফসল পানিতে তলিয়ে যাওয়ায় অধিকাংশ কৃষকের ঘরে খাদ্য নেই।