হাওরে নতুন নতুন এলাকা প্লাবিত
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের নতুন নতুন হাওর এলাকা এখনো প্লাবিত হচ্ছে। দুই জেলার বেশির ভাগ এলাকার ৮০ ভাগ ফসল এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে। কৃষকদের অনেকে এখন ডুবন্ত হাওর থেকে কাচা-আধাপাকা ফসল কাটছেন। মৌসুমের শেষ সম্বল হারিয়ে কৃষকেরা দিশেহারা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সুনামগঞ্জ, তাহিরপুর ও দিরাই: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরটি শনিবার পর্যন্ত টিকে ছিল। কিন্তু রাতেই হাওরটিতে পানি ঢুকে দুই হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যায়। কৃষকেরা ডুবন্ত হাওর থেকে আধাপাকা ধান কাটার চেষ্টা করছেন। সদর উপজেলার বড়বাঁওন হাওরে গতকাল সকালে ধোপাখালী এলাকার খাল দিয়ে পানি ঢোকে। এতে এই হাওরের অন্তত দুই হাজার হেক্টর জমির ফসল ভেসে গেছে।তাহিরপুর উপজেলার ২৩টি হাওরের মধ্যে ২২টিরই বোরো ধান তলিয়ে গেছে। গতকাল পর্যন্ত টিকে ছিল কেবল শনির হাওরের ফসল। এই হাওরের ফসল বাঁচাতে শত শত কৃষক বেড়িবাঁধ রক্ষায় কাজ করে যাচ্ছেন। তবে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন শনির হাওরপারের কৃষকেরা। আধাপাকা ধান কাটতে শুরু করেছেন তাঁরা। কৃষকেরা তাহিরপুরকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলা সদর পূর্ববাজারে অনুষ্ঠিত এক সভায় তাঁরা এ দাবি জানান।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে দিরাই ও শাল্লা উপজেলার সাকিতপুর মাটিয়াপুুর, হলিমপুর, চাপতি, বরাম, টাংনি, হুরুয়া মন্দুরী, বান্ডা, কালিয়াগুটা, উদগল ও ছায়ার হাওরের ৮০ ভাগ কাচা-পাকা ধান তলিয়ে গেছে। এসব এলাকার সব হাওর এখন পানির নিচে। দিরাই উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রণধীর ভূষণ চৌধুরী জানান, উপজেলার ২৭ হাজার ৪১০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছিল। এর মধ্যে নয় হাজার হেক্টর ধান পানিতে তলিয়ে গেছে।কিশোরগঞ্জ ও তাড়াইল: জেলার প্রতিটি হাওরে প্রতিদিন পানি বাড়ছে। আতঙ্কিত কৃষকেরা আধাপাকা ধান কাটছেন। ইটনা উপজেলার আংগারা হাওরের চার হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। মিঠামইনের ডুবে গেছে কেওয়ারজোড়, ঢাকী ও কাটখাল ইউনিয়নের ২০টি হাওরের ফসল। ইটনা ও মিঠামইন উপজেলার ৫০টির বেশি হাওর ঘুরে গতকাল এ দৃশ্য দেখা গেছে। ইটনার আলাল, মৃগা, বামুনদিগা, চান্দারখালা, বুড়িরলাইন, নলমুড়া, নলমৃগা, জুইয়ারবাঁধ, হিংগারপাড় ও সিলনিসহ বেশির ভাগ এলাকার অধিকাংশ ফসল ভেসে গেছে। ফসল হারানোর কষ্টে এলংজুড়ি গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রিয়াদ ও রেহানা বলে, ‘ধান কাটার মৌসুমে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হতো। আমরাও ধান কাটা ও মাড়াইয়ে অংশ নিতাম। এবার ফসল তলিয়ে যাওয়ায় বিদ্যালয়ও বন্ধ হবে না, ধানও কাটা হবে না।’ ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রতন জানান, উপজেলার ৩০টি হাওরের ৭০ ভাগ ফসল তলিয়ে গেছে। উপজেলার কৃষি কর্মকর্তা নূরুল আবছার জানান, ইটনায় ৭৫ হাজার একর জমিতে এবার বোরো আবাদ করা হয়েছিল। এর মধ্যে প্রায় অর্ধেক জমির ধান তলিয়ে গেছে। মিঠামইনের চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান জানান, তাঁর এলাকার পাঁচ ইউনিয়নের ৮০ ভাগ ফসল ভেসে গেছে। শিমুলবাগ গ্রামের কৃষক শাহ আজিজ (৫৫) বলছিলেন, ‘মিঠামইনের হোসেনপুর হাওরে সাত একর জমিতে ধানের ভারী শিষ দেখে আশা ছিল বাম্পার ফলন গোলায় তুলব। কিন্তু এক রাতেই সবশেষ।’ শনিবার রাতে হোসেনপুর হাওরে পানি ঢুকে আজিজের সব ফসল তলিয়ে যায়।তাড়াইল উপজেলার হুলিয়ার হাওর এলাকা ঘুরে দেখা গেছে, এ হাওরের ফসল রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় বাঁধের বিভিন্ন পয়েন্ট চুইয়ে হাওরে পানি ঢুকতে দেখা গেছে। এ কারণে আতঙ্কে রয়েছেন তাড়াইল ও ইটনা এবং সীমান্তবর্তী নেত্রকোনা জেলার মদন উপজেলার কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউসুফ আলী হুলিয়ার বাঁধ পরিদর্শন করেছেন। এ সময় এলাকাবাসী হুলিয়ার হাওরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।