হাওরে নিষিদ্ধ কোণাজালে ধ্বংস হচ্ছে পোনা
সুনামগঞ্জের হাওরে নিষিদ্ধ কোনাজাল-কারেন্ট জালের ব্যবহার বন্ধ হচ্ছে না। এসব জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এতে পোনা ধ্বংস হচ্ছে বেশি। হাওরে কমে যাচ্ছে মাছের উৎপাদন। প্রয়োজনীয় লোকবলের অভাবসহ নানা কারণে এসব জালের ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ।জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের হাওরাঞ্চলে অবাধে মৎস আহরণ, পোনা মাছ ধ্বংসসহ নানা কারণে ৪৬ প্রজাতির মাছ বিলুপ্তির পথে। সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জের হাওরগুলোতে দিন-রাতে নিষিদ্ধ কোনাজাল দিয়ে অবাধে মাছ ধরছেন হাওরপারের মানুষ। এদের অনেকেই মৌসুমি মৎস্যজীবী। বর্ষার ছয় মাস তারা হাওরে মাছ ধরে। কোনাজালের ছিদ্র মশারির ছিদ্রের চেয়ে ছোট হওয়ায় মাছের ছোট্ট পোনাটিও এতে উঠে আসে। অনেক সময় মাছের ডিমও আটকা পড়ে যায় জালে। এটি নিষিদ্ধ কারেন্ট জালের চেয়ে বেশি ক্ষতিকর বলে জানিয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। হাওরের পানির নিচে মাটির সঙ্গে মিশে থাকা এমনকি বন-ঘাসের কোনায় লুকিয়ে থাকা ছোট মাছটি পর্যন্ত এই জাল ছেঁকে তুলে আনতে পারে বলে স্থানীয়ভাবে এটি কোনাজাল হিসেবে পরিচিত। জেলার ধরমপাশা উপজেলার দিঘর হাওর, চন্দ্রসোনারতাল হাওর, সদর উপজেলার দেখার হাওর, বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর, তাহিরপুরে উপজেলার আঙ্গারুলি হাওর, জামালগঞ্জের হালির হাওর ঘুরে কোনাজালের ব্যাপক ব্যবহার দেখা গেছে। এই জাল ১০০ থেকে ১৫০ হাত পর্যন্ত লম্বা হয়। একটি জালের দাম সাত হাজার থেকে ১০ হাজার টাকা। কয়েকজন মৎস্যজীবী মিলে একটি জাল কিনে নৌকা নিয়ে হাওরে মাছ ধরেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ এই জালের ব্যবহার জেলার প্রায় সব হাওরেই কমবেশি চলছে। ধরমপাশা উপজেলার মধ্যনগর থানার দিঘর হাওরে কথা হয় মৎস্যজীবী সেবুল মিয়া (৩৫), আবদুস ছালাম (৪৫), মিন্টু বর্মণের (৪২) সঙ্গে। হাওরে কোনাজাল, কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ জেনেও তাঁরা সেটি দিয়ে মাছ ধরছেন। আবদুস ছালাম বলেন, ‘মাছ ধরা ছাড়া বর্ষায় হাওরে আর কোনো কাজ থাকে না। সবাই মাছ ধরে। মাঝে মাঝে অফিসের (মৎস্য বিভাগের) লোকজন বাধা দেন, জাল ধরে নিয়ে যান। আমরা আবার জাল কিনি। মাছ ধরি।’ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দেখার হাওরপারের গ্রাম ইনাতনগরের বাসিন্দা আবদুল করিম (৭০) বলেন, কোনাজাল-কারেন্ট জালের ব্যবহারের কারণেই হাওরে মাছ কমছে। অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। জলমহাল ব্যবসায়ী সৈয়দ মুহামঞ্চদ মনোয়ার বলেন, ‘হাওরের মাছ রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে প্রশাসন, মৎস্য বিভাগ, জনপ্রতিনিধি ও জেলেদের নিয়ে সমিঞ্চলিত উদ্যোগ নিতে হবে।’ এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহামঞ্চদ সুলতান আহমদ প্রথম আলোকে বলেন, ‘হাওরে মাছের অতি আহরণ, পোনা মাছ ধ্বংস, জলমহাল শুকিয়ে মাছ ধরাসহ নানা কারণে মাছের উৎপাদন কমছে। কোনাজাল একটি বড় সমস্যা। আমরা এই জালের ব্যবহার বন্ধে অভিযান চালাই। তবে প্রয়োজনীয় লোকবলের অভাবে নিয়মিত অভিযান চালানো সম্ভব হয় না।’