হাওরে নিষিদ্ধ কোনাজালে অবাধে পোনা নিধন
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে নিষিদ্ধ কোনাজাল দিয়ে অবাধে মাছ শিকার চলছে। এতে পোনা মাছের বংশ ধ্বংস হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে হাওরে মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি এলাকায় মাছের আকাল দেখা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। লোকবলের অভাবসহ নানা কারণে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারছে না মৎস্য বিভাগ।সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জের হাওরগুলোতে দিনে-রাতে নিষিদ্ধ কোনাজাল দিয়ে অবাধে মাছ ধরছেন হাওরপারের মানুষজন। তাঁদের অনেকেই মৌসুমি মৎস্যজীবী। বর্ষার ছয় মাস তাঁরা হাওরে মাছ ধরেন। কোনাজালের ছিদ্র মশারির ছিদ্রের চেয়ে ছোট হওয়ায় একেবারে ছোট্ট পোনাও এ জালে ধরা পড়ে। অনেক সময় মাছের ডিমও আটকা পড়ে এই জালে। এটি নিষিদ্ধ কারেন্ট জালের চেয়ে বেশি ক্ষতিকর বলে জানিয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। হাওরের পানির নিচে মাটির সঙ্গে মিশে থাকা এমনকি ঘাসের কোনায় লুকিয়ে থাকা ছোট মাছও এ জাল ছেকে তুলে আনা যায় বলে স্থানীয়ভাবে এটি কোনাজাল হিসেবে পরিচিত।জেলার জামালগঞ্জের হালির হাওর, ধরমপাশার চন্দ্রসোনারতাল হাওর, সদরের দেখার হাওর, বিশ্বম্ভরপুরের খরচার হাওর, তাহিরপুরের আঙ্গারুলি হাওর ঘুরে কোনাজালের ব্যাপক ব্যবহার দেখা গেছে। এ জাল ১০০ থেকে ১৫০ হাত পর্যন্ত লম্বা হয়। একটি জালের দাম সাত থেকে ১০ হাজার টাকা। কয়েকজন মৎস্যজীবী মিলে একটি জাল কিনে নৌকা নিয়ে হাওরে মাছ ধরেন। জালটি পানিতে ফেলে বেশ কিছু জায়গাজুড়ে ধীরে ধীরে দুই পাশ থেকে টেনে এক করে পরে মাছ তোলা হয়।স্থানীয় সূত্রগুলো বলেছে, নিষিদ্ধ এ জালের ব্যবহার জেলার প্রায় সব হাওরেই কম বেশি চলছে। হালির হাওরে মাছ ধরা অবস্থায় কথা হয় মৎস্যজীবী সুবাস বর্মণ (৩৮), রানু দাস (৩১) ও বিভাস বর্মণের (৪২) সঙ্গে। জালটি নিষিদ্ধ, এটা তাঁরা জানেন। এ মৌসুমে এলাকায় আর কোনো কাজ না থাকায় তাঁরা মাছ ধরছেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে কেউ এতে বাধা দিয়েছেন কি না, জানতে চাইলে বিভাস বলেন, এ বছর দেয়নি। গত বছর একটি জাল আটক করে নিয়েছিল।পরিবেশসম্মত জলমহাল ব্যবস্থাপনায় ২০০৪ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন সুনামগঞ্জের সৈয়দ মুহাম্মদ মনোয়ার। তিনি জানান, ২০০৪ সালে সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা মিলে একটি উদ্যোগ নিয়েছিলেন। তাঁরা নিজ নিজ এলাকার জেলেদের বুঝিয়ে জালগুলো নিজেদের কাছে নিয়ে আসেন। এরপর দুই মাস কোনাজাল দিয়ে মাছ শিকার বন্ধ ছিল। পোনা মাছ বড় হওয়ার পর তাঁদের জাল আবার ফেরত দেওয়া হয়। সে বছর এই দুই উপজেলার হাওরে মাছের উৎপাদন বেশি হয়েছিল।সৈয়দ মনোয়ার প্রথম আলোকে বলেন, এমনিতেই হাওরে দিন দিন মাছের উৎপাদন কমছে। মাছের উৎপাদন বাড়াতে প্রশাসন, মৎস্য বিভাগ, জনপ্রতিনিধি ও জেলেদের নিয়ে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। তাহলেই হাওরের মাছ রক্ষা হবে।এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সুলতান আহমদ বলেন, ‘হাওরে এই জালই এখন বড় সমস্যা। আমরা অভিযান চালাই। তবে প্রয়োজনীয় লোকবলের অভাবে নিয়মিতভাবে তা সম্ভব হয় না।’ নানা কারণে হাওরে মাছের উৎপাদন কিছুটা কমেছে স্বীকার করে তিনি বলেন, তবে সেটা আশঙ্কাজনক হারে কমেনি।