হাওরে নিষিদ্ধ জালে পোনা নিধন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বিভিন্ন হাওরে মাস খানেক ধরে নিষিদ্ধ মশারি জাল দিয়ে জেলেরা অবাধে মাছ শিকার করছেন। এতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস হয়ে উৎপাদন হ্রাসের আশঙ্কা রয়েছে। তবে প্রশাসন পোনা নিধন বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
উপজেলা মৎস্য বিভাগ বলছে, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার কারণে পোনা নিধন বন্ধে নিয়মিত অভিযান চালাতে পারছে না তারা। উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মশারি জাল দিয়ে মাছ শিকার করায় মাছের উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সময়মতো পুলিশ না পাওয়ায় হাওরে অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তবে শিগগিরই ওই অপতৎপরতা বন্ধে অভিযান চালানো হবে।
তবে ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান প্রথম আলোকে বলেন, শুধু অভিযান চালিয়ে এ জালের ব্যবহার বন্ধ করা যাবে না। এই সময়টাতে হাওর এলাকার মানুষের কোনো কাজ থাকে না। তাই সরকারিভাবে তাদের জন্য এই মৌসুমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিসহ আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমপাশায় নিবন্ধিত জেলের সংখ্যা ১০ হাজার ৪২৯। এ ছাড়াও রয়েছেন প্রায় ১০ হাজার মৌসুমি জেলে।
সম্প্রতি উপজেলার জালধরা, কাইলানী, শিমুলতলা, কাইঞ্জা কেউটি, শালকুমড়া, বাইনচাপড়া, কালীজানা, সুনই, ধারাম, শৈলচাপড়া মেধা, হলদি ও টগা হাওর ঘুরে মশারি জাল দিয়ে জেলেদের মাছ ধরতে দেখা যায়। তাঁদের জালে বড় মাছের পাশাপাশি রুই, কাতলা, বোয়াল, আইড়, কই, শিং, মাগুর, টাকি, শোল, গজার, পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি, চান্দাসহ দেশীয় নানা প্রজাতির মাছের পোনাও ধরা পড়ছে। অন্যান্য বছরের তুলনায় এবার হাওরে কম পানি হওয়ায় জালে পোনা ধরা পড়ছে বেশি।
কয়েক দিন আগে শৈলচাপড়া হাওরে মশারি জাল দিয়ে মাছ ধরছিলেন সাজমান মিয়া, রব্বানী মিয়াসহ স্থানীয় সাত-আটজন জেলে। সাজমান মিয়া বলেন, ‘বাইস্যা মাস আউরও (বর্ষার মাস এলে) আমরার কুনু কাম থাহে না। তাই সংসার চালাইতে গিয়া খনা (মশারি) জাল দিয়া আমরা বেহেই মাছ মারি।’ তবে তিনিও স্বীকার করেন, এই জাল দিয়ে মাছ ধরলে পোনা মাছও ধরা পড়ে, যার ফলে ভবিষ্যতে মাছের উৎপাদন হ্রাসের আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মশারি জাল দিয়ে পোনা মাছ নিধন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ধরমপাশার ইউএনও মোহাম্মদ নাজমুল হক বলেন, মশারি জাল দিয়ে পোনা মাছ শিকার করা সম্পূর্ণভাবে বেআইনি। হাওরে পোনা মাছ নিধন বন্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।