হাওরে নৌকা ডুবে জেলে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধারাম হাওরে মাছ শিকারে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ আছেন ননী দাস (৫০) নামের এক জেলে। তিনি উপজেলার জয়শ্রী ইউনিয়নের মলয়শ্রী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ছয়টার দিকে ননী ও সচীন্দ্র দাস (৬০) ধারাম হাওরে মাছ শিকারে যান। সকাল সাতটার দিকে নৌকাটি হাওরের মাঝামাঝি গেলে প্রবল ঢেউয়ে পানিতে ডুবে যায়। এ সময় তাঁদের চিৎকার শুনে ওই হাওরে খানিকটা দূরে থাকা জেলেরা গিয়ে সচীন্দ্রকে উদ্ধার করে। কিন্তু ননী হাওরের পানিতে তলিয়ে যান।
সচীন্দ্র দাস বলেন, ‘বড় বড় ঢেউয়ের লাইগাই নৌকাডা ডুইবা গ্যাছে। আমারে কুনুরহমমে হেরা টাইনা তুলছে, আর হে (ননী) পানিত তল অইয়া গ্যাছে।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) অনির্বাণ বিশ্বাস বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।