হাওরে নৌকাডুবি মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরে নৌকাডুবিতে মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক নারী। উপজেলার ছাতার হাওরে গতকাল রোববার এ ঘটনা ঘটে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে।
শাল্লা উপজেলায় নৌকাডুবিতে মারা যাওয়া তিনজন হলেন ওই উপজেলার ধামপুর গ্রামের ইমরুল মিয়ার স্ত্রী রাফেনা বেগম (২৫), তাঁর মেয়ে জনি আক্তার (৫) ও একই গ্রামের সাদিকুর রহমানের মেয়ে প্রীতি আক্তার (৩)। নিখোঁজ আছেন একই গ্রামের কবির মিয়ার স্ত্রী জোছনা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আজমিরীগঞ্জ থেকে একটি নৌকা ১২ জন যাত্রী নিয়ে শাল্লা রওনা দেয়। পথে ছাতার হাওরের বেড়ামোহনা এলাকায় আসার পর বিকেল চারটার দিকে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান তিনজন। শাল্লা থানার ওসি আনিসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গলাবাজার এলাকায় গত শনিবার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ স্কুলছাত্র মনিরুজ্জামানের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে।