হাওরে নৌকাডুবি ৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কাইছনার হাওরে গত সোমবার রাতে দুটো নৌকাডুবিতে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা হাওর থেকে মরদেহ উদ্ধার করেছেন। নৌকাডুবিতে আরও একজন নিখোঁজ রয়েছেন। বেঁচে যাওয়া যাত্রী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সূত্রে জানা যায়, সোমবার রাতে মোগলাগাঁও ইউনিয়নের মির্জানগর থেকে একটি বারকি নৌকা ও অপর একটি দেশি নৌকায় আটজন যাত্রী কাইছনার হাওরপারের সোনাপুর গ্রামে যাচ্ছিলেন। দুটো নৌকা হাওরের মাঝখানে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এ সময় আট যাত্রীর মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি ছয়জনের কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে গতকাল সকালে দুর্ঘটনাস্থলে সিলেট ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছালে এলাকাবাসীর সহায়তায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এরা হচ্ছে, মির্জানগর গ্রামের ফারুক আহমদের ছেলে শরিফুল ইসলাম ফাহিম (৭), মেয়ে ফাহমিদা আক্তার এনি (১১), সোনাপুর গ্রামের মনফর আলী (৪০), জয়নুল (৮) ও বেলাল আহমদ (১০)। ফারুক আহমদ (৪৫) নিখোঁজ রয়েছেন। গতকাল দুপুরে তাদের মরদেহ দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা ইয়াসমিনের উপস্থিতিতে পরিবারের জিম্মায় দেওয়া হয়। ফারুকের বড় ভাই মোহাম্মদ ইলিয়াস আলী জানান, তাঁর ভাই ফারুক একটি বারকি নৌকা দিয়ে দুই ছেলেমেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। হাওর পাড়ি দেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তখন রাত হওয়ায় সকালে উদ্ধার তৎপরতা চালানোর শুরুতে তাঁর ছেলেমেয়ের লাশ উদ্ধার করা হলেও ফারুকের কোনো সন্ধান মেলেনি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেটের সহকারী পরিচালক পরিমল কুন্ডু প্রথম আলোকে বলেন, ঝড়ের কবলে পড়ে নৌকা দুটো ডুবেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। ঘটনাস্থলে ভোর থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালিয়ে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বিকেল পর্যন্ত ব্যাপক খোঁজাখুঁজি করেও নিখোঁজ একজনের সন্ধান মেলেনি।