হাওরে পচা ধান খেয়ে মারা যাচ্ছে গবাদিপশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিনের গরমে হাওরের পানি কিছুটা শুকিয়ে যাওয়ায় ভেসে উঠছে ধানখেতগুলো। এসব খেতের দূষিত খাবার খেয়ে অনেক গরু অসুস্থ হচ্ছে। এরই মধ্যে ১০টি গরু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ছবিটি গত মঙ্গলবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাগ এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
কয়েক দিনের গরমে হাওরের পানি কিছুটা শুকিয়ে যাওয়ায় ভেসে উঠছে ধানখেতগুলো। এসব খেতের দূষিত খাবার খেয়ে অনেক গরু অসুস্থ হচ্ছে। এরই মধ্যে ১০টি গরু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ছবিটি গত মঙ্গলবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাগ এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

অকালবন্যায় ধান হারিয়েছেন কিশোরগঞ্জের হাওরের কৃষকেরা। এর মধ্যে দেখা দিয়েছে নতুন সমস্যা। কয়েক দিনের গরমে হাওরের পানি শুকিয়ে যাওয়ায় জেগে উঠছে ধানখেত। আর ওই পচা ধান খেয়ে মারা যাচ্ছে বহু কষ্টে সযত্নে লালনপালন করা গবাদিপশু।

গত এক সপ্তাহে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে কমপক্ষে ১০টি গরু মারা গেছে। পচা ধান খেয়ে পেট ফোলা রোগে আক্রান্ত হয়েছে আরও অনেক গরু। এ নিয়ে শঙ্কিত কৃষকেরা।

হাওর এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরাঞ্চলে অকালবন্যায় ধান তলিয়ে গেলেও মাছ ও হাঁসের কোনো ক্ষতি হয়নি। তবে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে গরু নিয়ে মহাবিপাকে পড়েছেন এলাকার কৃষকেরা। অনেকে প্রায় অর্ধেক দামে গরু বিক্রি করে দিয়েছেন। অনেকেই শেষ অবলম্বন হিসেবে গরু ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। গত কয়েক দিনের তীব্র গরমে হাওরের পানি কিছুটা শুকিয়ে গেছে। কিছু কিছু জায়গায় ভেসে উঠেছে তলিয়ে যাওয়া ধানখেত। গো-খাদ্যের সংকট থাকায় ভেসে ওঠা এসব পচা ধান খেতে বাধ্য হচ্ছে গরুগুলো। এতে এসব গবাদিপশু পেট ফোলা রোগে আক্রান্ত হচ্ছে।

গত মঙ্গলবার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামের কামাল মিয়ার প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের একটি গাভি পেট ফোলা রোগে আক্রান্ত হয়ে এক দিনের মধ্যে মারা যায়। আরেকটি গাভিও একই কারণে মৃতপ্রায়। পশুটিকে স্থানীয় এক পশু চিকিৎসককে দিয়ে তিনি চিকিৎসা করাচ্ছেন। গত সোমবার আইন্দার গ্রামের কামালের স্ত্রীর ভাই হবিল মিয়ার ২০ হাজার টাকা মূল্যের একটি বাছুর মারা যায়। একই গ্রামের বাসিন্দা কামালের মামা শ্বশুর হজরত আলীর ১৮ হাজার টাকা মূল্যের একটি বাছুর মারা যায় গত রোববার।

কামাল মিয়া বলেন, ধানগাছ পানির নিচে তলিয়ে যাওয়ায় কারও ঘরেই এখন গরুর খাবার নেই। গত ১৫-২০ দিনের রোদের কারণে পানি কিছুটা কমে যাওয়ায় কিছু ধানের জমি ভেসে ওঠে। এসব জমির পচা ধান এবং গর্তে আটকে থাকা পচা ধানের পানি খেয়ে বাড়িতে আসার পর গরুর পেট ফুলে যায়। সারা রাত অসুস্থতায় ভোগার পর সকালে পায়ুপথ দিয়ে রক্ত এসে তাঁর গরুটি মারা যায়।

একইভাবে গত এক সপ্তাহে উপজেলার মৃগা ইউনিয়নের উজান রাজীবপুর গ্রামের মো. হারিছ মিয়ার ৬০ হাজার টাকার মূল্যের গাভি, পাটাবুকা গ্রামের আবদুল মজিদের ৫০ হাজার টাকার মূল্যের গাভি, প্রজারকান্দা গ্রামের মো. হুমায়ুন মিয়ার ৪০ হাজার টাকার মূল্যের গাভি, একই গ্রামের আল আমিনের ১২ হাজার টাকা মূল্যের গরু, আইন্দার গ্রামের হাক্কানি বেগমের ১৫ হাজার টাকা মূল্যের গরু এবং একই মূল্যের বড় বাড়ির রৌফ মিয়ার একটি গরু মারা যায়।

স্থানীয় পশু চিকিৎসক মো. সেলিম শাহী বলেন, গতকাল বুধবার সকালে তিনি ভাটি রাজীবপুর গ্রামের হরলাল বাবুর বাড়ির একটি গাভিসহ কয়েকটি গরুর পেট ফোলা রোগের ওষুধ দিয়েছেন। এ ছাড়া দুই সপ্তাহ ধরে এলাকার অনেক অসুস্থ গরুর চিকিৎসা করেছেন। দূষিত খাদ্যের কারণে গরু এ রোগে আক্রান্ত হচ্ছে বলে তিনি মনে করেন।

কামাল মিয়াসহ তিনজন ভুক্তভোগী অভিযোগ করেন, প্রাণিসম্পদ অধিদপ্তর যদি সঠিক সময়ে ব্যবস্থা নিত, তবে আক্রান্ত অনেক গরুই হয়তো বেঁচে যেত।

ইটনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গরু মারা যাওয়ার বিষয়টি তাঁকে কেউ জানায়নি। তবে তিনি খোঁজ নিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।