হাওরে পাঁচ শতাধিক নৌযান নিবন্ধনহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বৃহত্তম নৌবন্দর চামড়াঘাট থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে হাওরের পাঁচ জেলায় পাঁচ শতাধিক ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলারে প্রতিদিন কয়েক শ যাত্রী যাতায়াত করে। অথচ তাদের জন্য ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা রাখা হয় না এসব নৌযানে। উল্টো মানুষের পাশাপাশি পণ্য এমনকি গবাদিপশু আনা-নেওয়া করা হয়।ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ও মালামাল পরিবহন করায় প্রায়ই ট্রলারডুবি ও প্রাণহানির ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ এপ্রিল ঘাগড়া থেকে চামড়াঘাটগামী একটি ট্রলার ডুবে পাঁচজন মারা যায়। ট্রলারটিতে মানুষের সঙ্গে অতিরিক্ত মালামাল ছিল। এ অবস্থায় যাত্রীসাধারণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা হাওরে চলাচলকারী এসব ট্রলারকে নিবন্ধনের আওতায় আনার তাগিদ দিয়েছেন।জেলার মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান জানান, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ট্রলারগুলোকে নিয়মের মধ্যে আনার জন্য নিবন্ধনের ব্যবস্থা করা উচিত।মিঠামইনের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ‘গরু-ছাগল, মালামালের সঙ্গে যাত্রীদের গাদাগাদি করে আসা-যাওয়া করতে হয়। একজনের ওপর অন্যজন দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এর চেয়ে অমানবিক যাত্রা আর কী হতে পারে!’সরেজমিনে দেখা গেছে, যাত্রীবাহী এসব ট্রলারে পণ্য পরিবহনে কোনো নিয়ম মানা হয় না। মানুষ-পশু একসঙ্গে চলাচল করছে। ট্রলারগুলোতে বসার উপযুক্ত স্থান নেই। নেই শৌচাগারের ব্যবস্থা। খাবার পানির ব্যবস্থা নেই। ট্রলারগুলোতে প্রশিক্ষিত চালক নেই। ফলে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নৌকাডুবির ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ট্রলারগুলোকে নিবন্ধনের আওতায় এনে ন্যূনতম সুযোগ-সুবিধার নিশ্চয়তা বিধানের দাবি জানিয়েছেন যাত্রীরা।ট্রলারমালিক সমিতি, যাত্রী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হাওরাঞ্চলে যোগাযোগের একমাত্র মাধ্যম ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলার। প্রতিদিন কয়েক শ মানুষ ট্রলারে করে হাওরের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। চামড়াঘাট থেকে ইটনা, মিঠামইন, নিকলী, অষ্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট সময়ে কখনই ট্রলারগুলো পৌঁছাতে পারে না।একাধিক ট্রলারমালিক সমিতি সূত্রে জানা যায়, গত তিন বছরে একাধিক ট্রলার ও লঞ্চ দুর্ঘটনায় দেড় শতাধিক নিহতসহ কয়েক লাখ টাকার সম্পদহানি হয়েছে।ইটনা উপজেলা ট্রলারমালিক সমিতির সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিই। পুরাতন ইঞ্জিন বদলানো না হলে সেই ট্রলারের সিরিয়াল বাতিল করে দিই। সমিতি নিবন্ধনের পক্ষে। এতে কোনো দুর্ঘটনা ঘটলে ট্রলার শনাক্ত করা সহজ হবে।’ একই কথা বললেন গোপদীঘি ট্রলারমালিক সমিতির সভাপতি মামুদ আলী।মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান বলেন, ‘হাওরে চলাচলকারী যাত্রীবাহী ট্রলারগুলোতে যাত্রীসেবার সুযোগ-সুবিধা নেই বললেই চলে। লিখিত অভিযোগ পেলে সমিতির নেতাদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেব।’কিশোরগঞ্জের জেলা প্রসাশক সিদ্দিকুর রহমান জানান, যাত্রীদের সুযোগ-সুবিধা, দুর্ঘটনা প্রতিরোধ করার স্বার্থে অবশ্যই ট্রলারগুলো নিবন্ধনের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণে থাকা দরকার। এ বিষয়ে চিন্তাভাবনা চলছে।