হাওরে পোনা ছাড়ার কার্যক্রমে অনিয়ম
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় হাওরে মাছের পোনা ছাড়ার কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম না মেনে ও উৎকোচ নিয়ে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী মৎস্য কর্মকর্তা ঠিকদারকে পোনা অবমুক্ত করার কাজটি পাইয়ে দিয়েছেন।
অনিয়মের অভিযোগের বিষয়ে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, সবই বিধি অনুযায়ী করা হয়েছে। এতে কোনো রকম অনিয়ম হয়নি। পোনা অবমুক্তির কাজে কারও কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা পোনা মাছ সংগ্রহ কমিটির সদস্য পাঁচজন। তাঁদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সদস্যসচিব। গত মাসের শেষ সপ্তাহে পোনা সংগ্রহ নিয়ে ওই কমিটির সভা হয়। এতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পোনা সংগ্রহ করার সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি ইউএনও মামুন খন্দকার অভিযোগ করে বলেন, ‘উপজেলা ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঠিকাদার নির্বাচন, পোনা সংগ্রহ করাসহ পোনা অবমুক্তির যাবতীয় কার্যক্রম করছেন। এই কাজে স্বচ্ছতার অভাব থাকায় আমি এতে অংশ নিইনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
স্থানীয় লোকজনের অভিযোগ, দরপত্রের নিয়ম না মেনে গত সপ্তাহে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে তরিকুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তিকে ১ হাজার ৬৭৮ কেজির রুইজাতীয় পোনা ছাড়ার কাজটি পাইয়ে দেন।
এ বিষয়ে সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, পোনা ক্রয়সহ অবমুক্তির কার্যক্রম নিয়ম মোতাবেক করা হয়েছে।
ঠিকাদার তরিকুল ইসলাম বলেন, ‘আমি নিয়ম মোতাবেক পোনা সরবরাহ করার কাজটি পেয়েছি। এতে কোনো অনিয়ম হয়নি।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান বলেন, ‘উপজেলা মৎস্য অফিস পোনা অবমুক্তকরণ নিয়ে কীভাবে, কী করছে সে বিষয়ে কোনো কিছুই আমাকে জানায়নি। তাই জবাবদিহি না থাকায় এই কাজে আমি অংশ নিইনি।’
সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাশ বলেন, ‘পোনা অবমুক্তির যাবতীয় কার্যক্রম ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অবশ্যই অবগত থাকার কথা। কিন্তু কেন এমনটি হলো, সেটি খোঁজ নিয়ে দেখব।’