হাওরে পোনা ধরায় জাল জব্দ, জরিমানা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও হাওরে অবৈধ জাল দিয়ে পোনা মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার প্রায় সাত লাখ টাকার জাল জব্দ করে আগুনে পুড়িয়েছেন। তা ছাড়া আরেফিন নামের এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গত ১৮ জুলাই এ হাওরে নয় লাখ টাকার তিন হাজার ৯০৩ কেজি রেণু পোনা অবমুক্ত করেন। ওই সময় তিনি সবাইকে মৎস্য আইন মেনে চলার আহ্বান জানান। তিনি জেলেদের এ পোনা মাছ ছাড়ার তিন মাসের মধ্যে মাছ না ধরার আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী এসব বিষয় তোয়াক্কা না করে অবৈধভাবে এ হাওরে পোনা মাছ ধরছে। গতকাল ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ গুল হাওর এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালান। এ সময় তিনি পোনা ধরার অপরাধে মৎস্যজীবীদের কাছ থেকে অবৈধ জাল জব্দ করেন। পরে উপজেলা পরিষদের পুকুরঘাটে জব্দ করা এসব জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা আনোয়ারুজ্জামান, পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।