হাওরে পোনা নিধন চলছেই
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরগুলোতে মাছের এ প্রজনন মৌসুমেও অবাধে পোনা নিধন চলছে। তবে সচেতনতার অভাব ও মৎস্য বিভাগের জনবলসংকটের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েও পোনা নিধন রোধ করা যাচ্ছে না। তবে মৎস্যজীবীরা জানিয়েছেন, বিকল্প কর্মসংস্থান না থাকায় পোনা নিধনে বাধ্য হচ্ছেন তাঁরা। সরেজমিনে উপজেলার নলুয়া ও মইয়ার হাওর ঘুরে দেখা গেছে, মৎস্য শিকারিরা অবৈধ বেড়, কাপড়ি ও বেলজাল দিয়ে পোনা নিধন করছেন। উপজেলা মৎস্য কার্যালয় জানায়, বৈশাখ থেকে শ্রাবণ পর্যন্ত মাছের প্রজনন মৌসুম। এ সময়ে হাওরে মাছ ধরা নিষেধ। এ ব্যাপারে মৎস্যজীবীদের সচেতন করতে সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইকিং করা হচ্ছে। গত দুই মাসে অভিযান চালিয়ে বিভিন্ন হাটবাজার থেকে ৭০০ কেজি পোনা জব্দ করে অবমুক্ত করাসহ ১৩টি জাল আটক করে পোড়ানো হয়েছে। জগন্নাথপুর কোকিলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাবুল দাস বলেন, পোনা নিধন বন্ধে শুধু সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইকিং করে কিছু হবে না। এই সময়ে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান ও তাঁদের জন্য খাদ্যসহায়তা কর্মসূচি গ্রহণ করতে হবে। মৎস্যজীবীরা জীবিকার তাগিদেই বাধ্য হয়ে পোনা ধরছেন।উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এ কে এম মহসীন বলেন, ‘জনবলসংকটের কারণে সব সময় সব জায়গায় অভিযান চালানো যায় না। আমি একা এ উপজেলার দায়িত্ব পালন করছি। এর পরও অভিযান শুরুর পর বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে ৭০০ কেজি কই, শিং, টেংরা ও পুঁটি মাছের পোনা আটক করে জলাশয়ে অবমুক্ত করেছি। শ্রাবণ মাস পর্যন্ত এ অভিযান চলবে।’মৎস্য বিভাগের সিলেট অঞ্চলের উপপরিচালক নিত্যানন্দ দাস বলেন, ‘হাওর অঞ্চলে মাছের প্রজনন মৌসুমে পোনা নিধন বন্ধে ব্যাপক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসব কঠোর পদক্ষেপের পাশাপাশি এবার মৎস্যজীবীদের জন্য বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছি। তবে জনবলসংকটের কারণে কিছু জায়গায় এ ধরনের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।