হাওরে প্রতিবছরই কমছে পানি
‘আমরা ছোটবেলায় বর্ষা মৌসুমে দেখতাম, বসতভিটার প্রায় সমান পানি চলে এসেছে। ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে যেত। অনেক সময় পানি উপচে পুরো গ্রাম তলিয়ে যেত। কিন্তু এখন অনেক গ্রামের পাশেই পানি আসে না।’ কথাগুলো বলেন সুনীল চন্দ্র সরকার (৮৫)। তিনি নেত্রকোনার হাওর-অধ্যুষিত খালিয়াজুরি উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা। সুনীলের মতো হাওর এলাকার অনেকেই বলছেন, কয়েক বছর ধরে হাওরাঞ্চলে পানি কমছে। গত বছরের তুলনায় চলতি বছর প্রায় ১৫ শতাংশ পানি কম এসেছে।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড হাওর এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসাইন মিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হাওরাঞ্চলে অতীতের যেকোনো সময়ের তুলনায় পানি কমে আসছে। এটি হাওরের সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ‘হুমকিস্বরূপ’।এক যুগ ধরে পানি কমছে? পরিবেশ বিশেষজ্ঞরা দেশের উত্তর-পূর্বের হাওরে দিন দিন পানি কমে যাওয়ার চারটি কারণ চিহ্নিত করেছেন। এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টির পরিমাণ কমে যাওয়া, ভারতের বিভিন্ন নদ-নদীতে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা, বাংলাদেশের হাওরগুলোতে অপরিকল্পিত বাঁধ ও জলকপাট (স্লুইসগেট) নির্মাণ এবং খননের অভাবে নদীর নাব্যতাসংকট। হাওরের পানি কমার বিষয়টি পর্যবেক্ষণ করেন হাওর এলাকার প্রবীণ বাসিন্দা, জনপ্রতিনিধি, উন্নয়ন সংগঠক ও পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁরা জানান, ২০০১ সাল থেকে হাওরে অতিরিক্ত মাত্রায় পানি কমতে শুরু করে। তাঁদের অনুমান, সে বছর আগের বছরের চেয়ে পানি ১২ শতাংশ কম হয়েছিল। এভাবে প্রতিবছর পানি কমতে থাকে। তবে ২০০৪ ও ২০০৮ সালে বন্যা হওয়ায় হাওরে পানির পরিমাণ বেশি ছিল। ২০১০ সালে ৫৮ শতাংশ, ২০১১ সালে ৫৬ শতাংশ ও ২০১২ সালে ৫৮ শতাংশ পানি আসে। চলতি বছর পানি হয়েছে ৪৩ শতাংশ। এভাবে চলতে থাকলে আগামী এক দশকে হাওর পুরোপুরি পানিশূন্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাওরের বাসিন্দারা যা বলেন: কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর গ্রামের ব্যবসায়ী ফজলুল হক জানান, পানি কম থাকায় ভৈরব থেকে নৌকায় মালামাল নিয়ে ধনপুর বাজারে সরাসরি আসা যায় না। অন্তত ১০টি গ্রাম ঘুরে বাজারে আসতে হয়। এতে পরিবহন খরচ বেড়ে যায়। ইটনা সদরের জেলেপাড়ার জেলে রিপন রবিদাস জানান, এ বছর গভীর হাওরে গিয়েও ভাসান পানিতে তেমন মাছ পাননি।সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা হাওর-অধ্যুষিত। এ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ প্রথম আলোকে বলেন, এভাবে পানি কমে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ রকম চলতে থাকলে হাওরের সৌন্দর্য ও জীববৈচিত্র্য একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই এটি রোধে এখনই সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে।কী প্রভাব হতে পারে: কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, এ বছর হাওরে পানি আশঙ্কাজনকভাবে কম এসেছে। ঢলের পানির স্রোতে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন হয়। পানি কম থাকায় মাছের উৎপাদনও কম হয়েছে। তবে মাছের সংখ্যা বাড়াতে দেদার পোনা ছাড়া হচ্ছে।কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান রাম চন্দ্র রায় বলেন, হাওরে পানি কম আসায় জমিতে পলি পড়বে কম। এতে ফসল উৎপাদন কমে যাবে। আর মাটিতে কীটনাশক ও রাসায়নিক সারের নেতিবাচক প্রভাব পানির স্রোতে প্রশমিত হতো। এ বছর কাঙ্ক্ষিত পানি না আসায় প্রশমনের মাত্রা কমে গেছে। তা ছাড়া জমিতে পড়ে থাকা খড়সহ বিভিন্ন ঘাস পানিতে পচে জৈব সারের সৃষ্টি হয়। এবার তাও হবে না। একই কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রধান নিশরাত বেগম জানান, হাওরে পানি কম আসায় খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্ষার পরই এর প্রভাব কিছুটা বোঝা যাবে। আর পানির সঙ্গে জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর একটি সম্পর্ক রয়েছে। তিনে মিলে খাদ্য পিরামিড গড়ে তোলে। তাই হাওরে পাখির আগমন এবং ব্যাঙ, কুচিয়া, বিষহীন সাপ, কচ্ছপজাতীয় প্রাণীর মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।