হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি, শঙ্কিত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই মাসে বাঁধের কাজ হয়েছে অর্ধেকের কম। এখন দ্রুত কাজ শেষ করার কথা বলা হচ্ছে। বাঁধের কাজে এত ঢিলেমি আর কখনো দেখা যায়নি। কাজ শেষ না হওয়ার পাহাড়ি ঢলে বোরো ধান নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ক্ষোভে এসব কথা বলেন বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপারের কৃষ্ণনগর গ্রামের গৃহস্থ স্বপন কুমার বর্মণ। শুধু স্বপনই নন, একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকেরা। অবশ্য সম্প্রতি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ দ্রুত জেলার সব হাওরে বাঁধের কাজ শেষ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।
অকালবন্যা ও পাহাড়ি ঢলের কবল থেকে হাওরের বোরো ধান রক্ষায় প্রতিবছর সুনামগঞ্জে বাঁধ নির্মাণ করা হয়। কাজের নির্ধারিত সময় ছিল ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এবার নির্ধারিত সময়ে কাজ অর্ধেকও হয়নি। অবশ্য পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেন, কাজ ৫৫ শতাংশ শেষ হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার শতাধিক হাওরে ১ হাজার ৫০০ কিলোমিটার বেড়িবাঁধ আছে। এবার ৪০টি হাওরে বাঁধের কাজ করছে পাউবো। এ জন্য বরাদ্দ পাওয়া গেছে ৪৫ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ১৩ কোটি ৪০ লাখ এবং ঠিকাদারের মাধ্যমে আরও ৩২ কোটি টাকার কাজ হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জ সফরে এসে পানিসম্পদমন্ত্রী পাউবোর কর্মকর্তাদের কাছে বাঁধের কাজের অগ্রগতি জানতে চান এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
২৯ ফেব্রুয়ারি দুপুরে বিশ্বম্ভরপুরে দুটি হাওরের চারটি বাঁধের কাজ ঘুরে দেখা গেছে, কোনোটিরই অর্ধেকের বেশি কাজ হয়নি। খরচার হাওরের পশ্চিম পারে রায়পুর গ্রামের পাশে একটি বেড়িবাঁধের কাজ চলছে। ২০-২৫ জন শ্রমিক বাঁধে মাটি ফেলার কাজ করছেন।
শ্রমিকেরা বলেন, ছয় দিন হলো তাঁরা কাজ শুরু করেছেন। পুরো কাজ শেষ হতে আরও ২০-২৫ দিন লাগবে। এ প্রকল্পের সভাপতি ফতেপুর ইউপির সদস্য জসিম উদ্দিন বলেন, এ কাজে বরাদ্দ ১৩ লাখ ৪৭ হাজার টাকা। প্রথম দুই দিন শ্রমিক কম ছিলেন। এখন দ্রুত কাজ শেষ করার জন্য আরও শ্রমিক লাগিয়েছেন। আঙ্গারুলি হাওরের ফলভরি গ্রামের পাশের বাঁধের কাজের প্রকল্প সভাপতি আশিস পুরকায়স্থ বলেন, ‘এলাকায় কাজের লোক পাওয়া যায় না। শুরুতে টাকার কিছু সমস্যা ছিল। তাই কাজ সময়মতো শুরু করতে পারিনি।’
বিশ্বম্ভরপুরের ইউএনও জসিম উদ্দিন বলেন, ‘আমার উপজেলায় কোনো বাঁধেই ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি কাজ হয়নি। আমরা পিআইসিদের চাপ দিচ্ছি, যাতে দ্রুত কাজ শেষ করা যায়।’
সুনামগঞ্জ পাউবো সূত্র জানিয়েছে, ফসলরক্ষা বাঁধের কাজের সময় ৩০ মার্চ পর্যন্ত বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এই সময়ের মধ্যেই বাঁধের নির্মাণকাজ শেষ করার জন্য সব প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এবং ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজের খোঁজ নেওয়া এবং কাজ যাতে দ্রুত শেষ হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পাউবোকে প্রতিনিয়ত চাপ দিচ্ছি।’