হাওরে ফসল রক্ষার লড়াই

শনিবার দিবাগত রাত তিনটা। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাঁচটি গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, হালির হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে যাচ্ছে, কৃষকেরা যেন বাঁধরক্ষায় হাওরে চলে যান। ঘুম থেকে জেগে মানুষ ছুটে যান বাঁধে। তাৎক্ষণিক বাঁশ ও বস্তার ব্যবস্থা করা হয়। কয়েক হাজার মানুষের চেষ্টায় বাঁধটি রক্ষা পায়।
শুধু জামালগঞ্জ উপজেলার হালির হাওর নয়, একই অবস্থা এখন জেলার অধিকাংশ হাওরে। শনিবার রাতভর ফসলরক্ষা বাঁধে কাজ করেছেন জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরপারের বেতাউকা এলাকার লোকজন। সুনামগঞ্জে হাওরে হাওরে ফসলরক্ষায় প্রাণপণ লড়াই করছেন কৃষকেরা। অথচ এই কাজ যাঁদের করার কথা সেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, বাঁধের কাজের ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিইসির) লোকদের দেখা মিলছে না বাঁধে।
সুনামগঞ্জ জেলায় এবার ২ লাখ ২১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ ৮৪ হাজার মেট্রিক টন। গত কয়েক দিনের টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও নড়বড়ে ফসলরক্ষা বাঁধের কারণ হুমকির মুখে পড়েছে হাওরের এই বোরো ধান।
কৃষকেরা জানান, বোরো ধানই জেলার প্রধান ফসল। হাওরের বোরো ধানের ওপরই ভরসা তাঁদের। ধান গোলায় উঠলেই কৃষকের মুখে হাসি ফোটে। ধান নেই তো হাসি নেই, চরম দুঃখে-কষ্টে দিন কাটাতে হয়। তাঁদের শ্রমে-ঘামে ফলানো সেই ধান এখন চোখের সামনে তলিয়ে যাচ্ছে। কাঁদছেন হাওরপারের কৃষকেরা। আধা পাকা ধান রক্ষায় হাওরে হাওরে নির্ঘুম রাত কাটছে তাঁদের।
জানা গেছে, শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে একটি বাঁধ ভেঙে প্রায় এক হাজার একর জমির ধান তলিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন উদ্যোগী হয়ে বাঁধে মাটি ফেলে সেটি রক্ষা করেন। একই দিন পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে যায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের নজরখালি এলাকার ফসলরক্ষা বাঁধ। এতে ওই হাওরের আরও প্রায় ১ হাজার ২০০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর, সদর উপজেলার কানলার হাওর, দিরাই উপজেলার বরাম হাওর, শাল্লা উপজেলার কাইটা হাওরে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে বোরো ধান। জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের নারিকেলতলা ও শালিকার এলাকার ফসলরক্ষা বাঁধে ফাটল দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়। এই হাওরের বেতাউকা এলাকার বাঁধটি শনিবার সন্ধ্যায় ভেঙে যাওয়ার উপক্রম হলে স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী কৃষকদের নিয়ে গভীর রাত পর্যন্ত বাঁধে বাঁশের আঁড় দিয়ে মাটি ফেলে সেটি রক্ষা করেন। এ সময় পাউবো কিংবা ঠিকাদারের কোনো লোকজনকে তাঁরা পাননি। একইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দিরাই উপজেলার বরাম হাওরের বোয়ালিয়া বাঁধ, তাহিরপুর উপজেলার শনির হাওরের পৈন্ডুপ এলাকার ফসলরক্ষা বাঁধ।
গতকাল রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম হাওরের ফসলরক্ষায় প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক বলেছেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে হাওরের ফসলরক্ষা। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ কাজে কারও গাফিলতি সহ্য করা হবে না।
বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে সৃষ্ট জলাবদ্ধতায় জমির ধান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। গতকাল সকালে এ নিয়ে উপজেলা পরিষদে হাওরপারের কৃষকদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সাংসদ পীর ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিন। জলাবদ্ধতা থেকে ফসলরক্ষায় হাওরে জরুরি ভিত্তিতে চারটি সেচপাম্প বসানোর সিদ্ধান্ত নেন তাঁরা। বিকেলে সাংসদ ও ইউএনওর উপস্থিতিতে হাওরের পানি নিষ্কাশনের জন্য সেচপাম্প বসানো হয়েছে। এই কাজে সহযোগিতার জন্য এক লাখ টাকা দিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এনামুল কবির।
খরচার হাওরপারের মুক্তিখলা গ্রামের কৃষক আবদুল গনি আনসারী বলেন, ‘আমার তিন একর জমি তলিয়ে গেছে। বাকি জমির ধান যদি না পাই পরিবার-পরিজন নিয়ে মহাবিপদে পড়তে হবে।’ কৃষ্ণনগর গ্রামের গৃহস্থ স্বপনকুমার বর্মণ বলেন, হাওরে পড়ে আছি। খেতের ধান ঝুঁকির মধ্যে রেখে বাড়িতে গিয়ে তো শান্তি মেলে না। এবার ফসলরক্ষা বাঁধের কাজ হয়েছে যাচ্ছেতাই। জলাবদ্ধতা ও ঝুঁকিপূর্ণ বাঁধ—এই দুটিই এখন বড় সমস্যা। স্থানীয় বাহাদুর গ্রামের কৃষক আবদুল বারী বলেন, হাওরের ধান পুরোপুরি পাকতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে। আতঙ্কে অনেকেই কাঁচা ধান কাটার চেষ্টা করছেন। কিন্তু এবার শুরুতেই হাওরে ধান কাটার ক্ষেত্রে শ্রমিকসংকট দেখা দিয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেন, ‘যেখানেই বাঁধে সমস্যা হচ্ছে আমরা সেখানেই সংস্কার করছি। ঠিকাদার ও পিআইসির লোকজনকে সার্বক্ষণিক বাঁধে অবস্থান করতে বলা হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণেই এই সমস্যা হয়েছে। আবহাওয়া ভালো হলে পরিস্থিতির উন্নতি হবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মো. জাহেদুল ইসলাম গতকাল বিকেলে জানিয়েছেন, তাঁদের হিসাব মতে রোববার (গতকাল) পর্যন্ত চার দিনে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলায় এক হাজার পাঁচ শ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার তাহিরপুর ও ধরমপাশা উপজেলার ফসলরক্ষা বাঁধগুলো বেশি ঝুঁকিতে আছে। তবে বাঁধ না ভাঙলে ফসলের বড় ধরনের ক্ষতি হবে না।