হাওরে ফসলডুবির পর বেড়েছে চালের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরে একদিকে চলছে ব্যাপক ফসলহানি ও কৃষকের হাহাকার, অন্যদিকে ব্যবসায়ীরা বাজারে চাল ও আটার দাম বাড়িয়ে দিচ্ছেন। অনেকে চাল ও আটা মজুত করতে শুরু করেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সুনামগঞ্জে গত এক সপ্তাহে প্রায় এক হাজার কোটি টাকার ফসলহানি ঘটে। হাওরপারে চলছে কৃষকের আহাজারি। মানুষ যখন ফসল নিয়ে উদ্বিগ্ন, তখন ব্যবসায়ীরা চাল ও আটার দাম বাড়িয়ে দিচ্ছেন।

ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জে এক সপ্তাহ আগে যে চাল ৪৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই চাল গতকাল মঙ্গলবার বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে। কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা বেড়েছে। শহরতলির ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা সাজাউর রহমান বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল ও আটার দাম বাড়িয়েছেন। হাওরের ফসলহানিতে সবখানে হাহাকার চলছে। এই সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা।

সুনামগঞ্জ শহরের চাল ব্যবসায়ী মনা রায় বলেন, চৈত্র মাসে সুনামগঞ্জে চালের দাম কিছুটা বাড়েই। নতুন ফসল উঠলে আবার চালের দাম কমে যায়। এই মূল্যবৃদ্ধিকে তিনি স্বাভাবিক বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন খুচরা চাল বিক্রেতা বলেন, ‘আমরা নয়, বড় ব্যবসায়ীরাই দাম বাড়িয়েছেন। এ কারণে মানুষের মাঝে একটা আতঙ্ক দেখা দিয়েছে।’

পৌর শহরের হাসনগর এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, হাওরের সব ফসল তলিয়ে গেছে, সুনামগঞ্জে চালের সংকট দেখা দেবে—মানুষের মাঝে এখন এই আতঙ্ক বিরাজ করছে। এই সুযোগে চাল ও আটার দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

মানুষের অভিযোগ পেয়ে গতকাল দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সব চাল ব্যবসায়ীকে নিয়ে জরুরি বৈঠক করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বৈঠকে চাল ব্যবসায়ীদের বলে দেওয়া হয়েছে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে।

একইভাবে বিকেলে বৈঠক করেছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন। বৈঠক শেষে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুমন ঘোপ নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘হাওরের ফসলডুবি শুরু হওয়ার পর থেকে সুনামগঞ্জে চালের দাম বাড়তে শুরু করেছে। এই অপতৎপরতা বন্ধ করতে হবে।’

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের পরিষ্কার বলে দিয়েছি অযৌক্তিকভাবে চাল ও আটার দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।