হাওরে ফসলহানি: খাদ্যসংকটে পুষ্টিহীনতায় ভুগছে গবাদিপশু

সুনামগঞ্জে হাওরে ফসলহানির পর গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে মানুষজন। আর এ খাদ্যসংকটের কারণে গবাদিপশুও পুষ্টিহীনতায় ভুগছে—দেখা দিয়েছে নানা রোগবালাই।
হাওরে দুই দিন ঘুরে এমন চিত্র পেয়েছে চট্টগ্রাম থেকে আসা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদল দুই দিন হাওরের দুটি স্থানে বিনা মূল্যে গবাদিপশুর চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিসম্মত খাবার বিতরণ করেছে।
ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ জানান, তাঁরা নয় সদস্যের প্রতিনিধিদল সুনামগঞ্জে এসে দুই দিন হাওরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। গতকাল মঙ্গলবার সদর উপজেলার ইছাগড়ি এবং আজ বুধবার আলমপুর গ্রামে গবাদিপশুর চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও খাবার বিতরণ করেছেন। আলমপুর গ্রামের আবদুল মতিন বলেন, মানুষের ঘরে খাবার নেই। মানুষ তো নিজেরাই খেতে পারছে না, গরু-ছাগলকে কী খাওয়াবে।
গৌতম বুদ্ধ দাশ হাওরে তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরে জানান, ফসল হারিয়ে মানুষজন নিজেদের খাবার নিয়ে চিন্তায় পড়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে ঘরের গবাদিপশুর খাবারের চিন্তা। কারণ, ধান তুলতে না পারায় গো-খাদ্যও পায়নি তারা। খাদ্যসংকটের কারণে গবাদিপশু পুষ্টিহীনতায় ভুগছে। সেই সঙ্গে ডায়রিয়া, কৃমি সমস্যাসহ নানা রোগ দেখা দিচ্ছে। গবাদিপশুর জন্য পুষ্টিমানসম্পন্ন খাবার প্রয়োজন।
তিনি বলেন, মানুষের পাশাপাশি গবাদিপশুর চিন্তাও করতে হবে। সরকার গো-খাদ্য আমদানি শুল্কমুক্ত করে দিয়েছে। দেশে এমন প্রায় ৮০টি প্রতিষ্ঠান আছে, যারা গবাদিপশুর খাদ্য আমদানি করে। তারা যদি প্রতি মাসে বিনা মূল্যে হাওর এলাকায় কিছু খাদ্য-সহায়তা দেয়, তাহলেও কিছুটা উপকার হয়। পাশাপাশি সরকারকেও বিষয়টি গুরুত্ব দিতে হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন বলেছেন, জেলায় প্রায় ১৫ লাখ গবাদিপশু আছে। ফসল হারিয়ে মানুষ অভাবে পড়েছেন। অভাব এবং গো-খাদ্যের সংকটের কারণে সেগুলো কম দামে বিক্রি করছেন। তিনি জানান, হাওর এলাকায় গবাদিপশু পুষ্টিহীনতা বা রোগবালাই দেখা দিয়েছে, সেটি তাঁরা পাননি। এ জন্য তাঁদের একটি দল মাঠে কাজ করছে। গো-খাদ্যের সংকট মেটাতে জেলায় ৩ লাখ ৮ হাজার ৭৭৬ মেট্রিক টন খড়ের চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সেগুলো বিতরণ করা হবে।
সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। জেলা প্রশাসনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ২ লাখ ৭৭ হাজার ১৮৮টি কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, জেলায় আবাদ হওয়া বোরো ধানের প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন লাখ কৃষক পরিবার। এই কৃষকেরা হাওরের ফসল হারিয়ে এখন নিঃস্ব, দিশেহারা।