
সুনামগঞ্জের হাওরের বোরো ধানের ওপর কৃষকেরা যেমন নির্ভরশীল, তেমনি বাড়ির গরুর পুরো এক বছরের খাবারের ব্যবস্থা হয় এই ধানের খড় থেকে। কিন্তু এবার ফসল গেছে, সেই সঙ্গে গেছে গোখাদ্যও। হাওরপারের মানুষ এখন বিপাকে পড়েছেন ঘরের গবাদিপশু নিয়ে। দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। মানুষজন ‘পানির’ দরে বিক্রি করছে গরু-ছাগল।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে স্থানীয় রাধানগর গ্রামের কৃষক আবদুল আজিজের ১৯ একর জমি ছিল। জমির সব ধান তলিয়ে গেছে ঢলের পানিতে। ধান তুলতে না পারায় কোনো খড় পাননি। তাঁর পাঁচটি গরু আছে। এখন চারদিকে পানি থাকায় এই গরু নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
আবদুল আজিদ জানান, পাঁচটির মধ্যে চারটি তিনি পাঠিয়ে দিয়েছেন এক আত্মীয়ের বাড়িতে। বাড়িতে আছে একটি ষাঁড়। এটি বিক্রির চিন্তাভাবনা করছেন। তবে দুই দিন বাজারে নেওয়ার পরও দাম কম ওঠায় বিক্রি করেননি। আবদুল আজিদ বলেন, ‘সব ধান গেছে, এখন আমরাই কিলা বাঁচতাম এই চিন্তায় আছি। তার মধ্যে ঘরের গরুর জন্য কোনো ঘাস (খড়) নাই। অন্য কোথাও থেকে যে খড় কিনমু সেই টাকাপয়সাও নাই।’
এই গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, তাঁর আটটি গুরু আছে। হাওরে থই থই পানি থাকায় এগুলো ১৫ দিন থেকে বাড়িতে বাঁধা আছে। এই গরুগুলোকে কী খাওয়াবেন ভেবে পাচ্ছেন না। কৃষক জালাল উদ্দিন জানান, শুধু গোখাদ্যের সংকটের কারণে তিনি তিনটি গরু ৬৬ হাজার টাকায় বিক্রি করেছেন। অথচ হাওরে ফসলহানি না ঘটলে এবং গোখাদ্যের সংকট না থাকলে এই তিনটি গরু লাখ টাকার ওপরে বিক্রি করতে পারতেন তিনি।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ বলেছেন, হাওর এলাকায় ফসলহানিতে কৃষকেরা এমনিতেই নিঃস্ব। পানির নিচে থাকা ধানগাছ পচে মারা যাচ্ছে মাছ। এখন দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। চারদিক থেকে হাওরের ফসলহারা মানুষেরা সমস্যায় পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের সূর্যেরগাঁও গ্রামে সুকেশ দাশ তাঁর তিনটি গরু দুই দিন ধরে এনে বেঁধে রেখেছেন উপজেলা পরিষদের একটি টিনশেড ঘরের বারান্দায়। আশপাশের শুকনো জায়গায় দিনে এগুলো ছেড়ে দেন ঘাস খাওয়ার জন্য। সুকেশ দাশ বলেন, ‘বাড়িতে রাইখ তো লাভ নাই। চারদিকে পানি। ঘরে খড় নাই। আমরাই খাইতে পাররাম না। গরু খাইব কিতা। এলাকার হখলেই গুরু নিয়া সমস্যায় আছইন।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় ১৫ লাখ পাঁচ হাজার গবাদিপশু আছে। হাওরে ফসলহানির পর গোখাদ্যের সংকট দেখা দেওয়ায় ৩ লাখ ৮ হাজার ৭৭৬ মেট্রিক টন খড় কেনার চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ বেলার হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘ধানের খড় খাইয়ে বর্ষায় হাওর এলাকা কৃষকেরা তাঁদের গরু পালন করেন। কিন্তু এবার ফসলহানির কারণে কৃষকের ঘরে কোনো খড় নেই। এ কারণে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। ভরা বর্ষায় এই সংকট আরও বাড়বে। তবে আমরা বরাদ্দ পেলে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করতে পারব।’
সুনামগঞ্জে দুদকের দল: সুনামগঞ্জের হাওরে হাজার কোটি টাকার ফসলহানির পর ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির তদন্তে গঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দল আজ বৃহস্পতিবার সরেজমিন হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। একই সঙ্গে স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন তদন্ত দলের সদস্যরা।
পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন বলেছেন, হাওরে কী কারণে ফসলহানি হলো, ফসলরক্ষা বাঁধ নির্মাণে কারা জড়িত ছিলেন, কারা কাজে অনিয়ম-দুর্নীতি করেছেন এবং কারা এতে সহযোগিতা করছেন—সব বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্তে দুর্নীতির সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেবে দুদক।
অনুসন্ধান দলের সদস্যরা আজ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর এবং জামালগঞ্জ উপজেলার হালির হাওর পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।
এরপর বেলা সাড়ে তিনটার দিকে সুনামগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তাঁরা। এ সময় মোহাম্মদ বেলাল হোসেন বলেন, বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদার, পিআইসি যারাই অনিময়-দুর্নীতি করেছেন এবং এই কাজে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁরা যতই শক্তিশালী হোন না, কেউ ছাড় পাবেন না।
এ সময় তদন্ত দলের অপর দুই সদস্য দুদকের উপপরিচালক প্রকৌশলী আবদুল রহিম ও সহকারী পরিচালক সেলিনা আক্তার মণি উপস্থিত ছিলেন। সরেজমিন হাওর পরিদর্শনের সময় তদন্ত দলের সঙ্গে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিরিন পারভীন, উপরিচালক রেবা হাওলাদার, উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার ছাড়াও সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের একজন উপসহকারী প্রকৌশলী ও জেলা প্রশাসনের একজন নির্বাহী হাকিম ছিলেন।
মো. বেলাল হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ‘আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে বাঁধের কাজের সব নথিপত্র চেয়েছি। যেসব ঠিকাদার বাঁধের কোনো কাজ করেননি, তাঁদের বিল পাওয়ার কোনো আইনগত অধিকার নেই। আবার যাঁরা যেটুকু কাজ করছেন, তাঁদের এর বেশি বিল দেওয়া যাবে না।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু পাউবোর একজন কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান করছি না। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, সবার ব্যাপারেই অনুসন্ধান হচ্ছে।
সুনামগঞ্জে সম্প্রতি পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৪০টি ছোট বড় হাওরে ফসলহানি ঘটেছে। জেলায় এবার ২ লাখ ২৩ হাজার ৮৫০ হেক্টর জমিতের বোরো ধানের আবাদ হয়েছিল। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, ৮২ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় পাউবো ৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করছে। নির্মাণাধীন এসব বাঁধ ভেঙে হাওরে ফসলহানি ঘটে।
হাওরে ফসলহানির ঘটনায় পাউবো সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিনকে গত শনিবার সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে ১৩ এপ্রিল দুদক তাঁর বিরুদ্ধে স্থানীয় কয়েকজন ঠিকাদারকে নিয়ে ২৮টি ফসলরক্ষা বাঁধ নির্মাণের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করে।