হাওরে ফসলহানির জন্য দায়ীদের শাস্তি হবে: পানিসম্পদমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল ইসলাম মাহমুদ
আনিসুল ইসলাম মাহমুদ

হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে কীভাবে দুর্নীতি হয়, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সেটি জানেন বলে মন্তব্য করেছেন। মন্ত্রী বলেছেন, হাওরে ফসলহানির জন্য যারা দায়ী, তাদের শাস্তি পেতে হবে। আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে বের হওয়ার আগে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হাওরে বাঁধের কাজ নিয়ে যে অনিয়ম-দুর্নীতির কথা উঠেছে, সেটির জন্য তিনটি জায়গা থেকে তদন্ত হচ্ছে বলেও জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক কমিটি করে দুর্নীতির অনুসন্ধান করছে জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘গতবারও কাজে কিছু অনিয়ম হয়েছে। যারা এটা করেছিল আমরা তাদের বিল দিইনি। বহু জায়গা থেকে আমার কাছে তদবির গেছে, আমি বলেছি টাকা দেব না। আমরা দুর্নীতি বন্ধ করেছি।’ তিনি আরও বলেন, ‘এবারও যারা অনিয়ম করেছে, তাদের শাস্তি পেতে হবে। এবার তো পয়সা দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা টাকা দিই বাইরে থেকে মাটি এনে বাঁধ দেওয়ার জন্য। কিন্তু ঠিকাদারেরা মাটি কাটে বাঁধের পাশ থেকে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি আরও বলেন, হাওরের ফসল রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং পাহাড়ি নদীগুলোকে ক্যাপিটেল ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বাড়াতে হবে।

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে এ সময় সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই প্রমুখ উপস্থিত ছিলে। পরে তিনি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর পরিদর্শনে যান।

সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। জেলা প্রশাসনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১ লাখ ৬৬ হাজার ৬১ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ১৮৮ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন লাখ কৃষক পরিবার। এই কৃষকেরা হাওরের ফসল হারিয়ে এখন নিঃস্ব, দিশেহারা।