হাওরে ফসলহানির জন্য বাঁধ নির্মাণে দুর্নীতিই দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে একের পর এক বাঁধ ভেঙে ফসলহানির ঘটনার জন্য ফসলরক্ষা বাঁধ নির্মাণে জড়িত পাউবো, বাঁধের কাজের ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) অনিয়ম-দুর্নীতিকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে এসব পক্ষের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
গতকাল বুধবার দুপুরে এই দাবিতে তাহিরপুর উপজেলা সদরে মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে তাহিরপুরকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়।
সরকারের কাছে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বাঁধ নির্মাণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমান। গতকাল বুধবার জেলা শহরের হাজিপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এই আহ্বান জানান।
তাহিরপুর সদর বাজারে বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বিএনপির নেতা নুরুল ইসলাম, রুহুল আমিন, আওয়ামী লীগের নেতা শেখ নুরুল আমিন, হাফিজুর রহমান প্রমুখ। উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, ‘তাহিরপুরের ৮০ শতাংশ বোরো ধান বাঁধ ভেঙে ঢলের পানিতে তলিয়ে গেছে। কেবল শনির হাওরেই ক্ষতিগ্রস্ত হয়েছে সাত থেকে আট হাজার হেক্টর জমির বোরো ধান। ফসলহারা কৃষকেরা আহাজারি করছেন। সরকারের উচিত দুর্গত এলাকা ঘোষণা করে এসব অসহায় কৃষকের পাশে দাঁড়ানো।’
আওয়ামী লীগের নেতা মতিউর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি ও গাফিলতির কারণে এবার অসময়ে সুনামগঞ্জের হাওর এলাকার ফসল তলিয়ে গেছে। সুনামগঞ্জে বাঁধের কাজে ইতিপূর্বে এত টাকা বরাদ্দ আসেনি। এবার বরাদ্দ এসেছে সবচেয়ে বেশি, কিন্তু কাজ হয়েছে সবচেয়ে কম। এখনো বাঁধের কাজ শেষ হয়নি। কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে এবার পাউবো ৪০টি হাওরের ফসলরক্ষায় বাঁধ নির্মাণের কাজ করেছে। এ জন্য বরাদ্দ পাওয়া গেছে ৪৭ কোটি ৪৫ লাখ টাকা। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুনামগঞ্জে অসময়ে এত বৃষ্টি, এত ঢল আগে হয়নি। আমরা বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা করছি।’
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফিরোজ খান জানান, এ পর্যন্ত জেলায় পাহাড়ি ঢলে, বাঁধ ভেঙে এবং শিলাবৃষ্টিতে ১৭ হাজার ২৭৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা বলছেন, ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি।
সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ গতকাল তাহিরপুর উপজেলায় গিয়ে শনির হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষকদের কাছ থেকে ফসলরক্ষা বাঁধ নির্মাণে গাফিলতির কথা শুনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন।