হাওরে ফসলহানির প্রভাবে ঈদ বাজারে মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর কয় দিন পর ঈদ। অন্য বছর এই সময় নৌকা বোঝাই দিয়া মানুষ কেনাকাটা করতে বাজারে আসত। আমরা দোকান সামলাতে হিমশিম খেতাম। কিন্তু ইবার (এবার) হাওরের ধান উঠছে না, মানুষের হাত খালি। চারদিকে অভাব। বাজারে মানুষ নাই। তাই আমরার ব্যবসাও খুব মন্দা।’

হতাশার সুরে কথাগুলো বলছিলেন সোহেল আহমদ তালুকদার। সুনামগঞ্জের দিরাই পৌর শহরের সেন মার্কেটের দোকান ফ্যাশন ওয়ার্ল্ডের মালিক তিনি। তরুণ এই ব্যবসায়ী বলেন, দিরাই পুরোটাই হাওর এলাকা। বোরো ধান তুলে সেই ধান বিক্রির টাকায় মানুষ সারা বছর চলে। এবার মানুষ ধান পায়নি, তাই হাতে টাকা নেই। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার চিন্তায় দিশেহারা মানুষ। এ অবস্থায় গ্রামের মানুষ ঈদের কেনাকাটা করার চিন্তাও করতে পারছে না।

গত শুক্রবার সকালে দিরাই পৌর শহরের সবচেয়ে বড় বিপণিবিতান সেন মার্কেটে দুই ঘণ্টা অবস্থান করে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। বাসন্তী বস্ত্রালয়ের মালিক লিটন রায় বলেন, সাধারণত ১০ রমজানের পর থেকেই ঈদের বিকিকিনি শুরু হয়ে যায়। এবার ২০ রমজানেও ক্রেতাদের দেখা মিলছে না। তবে শেষ দিকে কিছু বিক্রি বাড়তে পারে—এই আশায় আছেন তিনি।

শুধু দিরাই নয়, ঈদের ব্যবসায় ফসলহানির প্রভাব পড়েছে জেলাজুড়ে। ঈদের কেনাকাটা কোথাও জমে ওঠেনি। বিশ্বম্ভরপুর উপজেলা বাজারের ব্যবসায়ী শাহিদ মিয়া বলেন, ফসলহানির আগে স্বাভাবিক সময়ে তাঁর দোকানে যে বিক্রি হতো, এবার ঈদের বাজারেও সেই বিক্রি নেই। উপজেলা বাজার বণিক সমিতির সভাপতি কফিল আহমদ বলেন, ‘আমি নিজেও একজন কৃষক। অবস্থা আসলে খুব খারাপ। অথচ ধান গোলায় উঠলে হাওর এলাকার মানুষের মুখে হাসি থাকত। মহা আনন্দে ঈদ উদ্‌যাপন করত লোকজন। এখন তো অনেকের ঘরে খাবারই নাই।’

তাহিরপুর উপজেলার সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র হচ্ছে বাদাঘাট বাজার। এই বাজারের ব্যবসায়ী শাহ আলম ও তাহিরপুর সদর বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, হাওরে ফসলহানির কারণে এই উপজেলায় ঈদের বাজার জমেনি। শুধু ঈদ নয়, আগামী বোরো ফসল না ওঠার আগ পর্যন্ত ব্যবসার এই মন্দাভাব যাবে না।

শুধু উপজেলায় নয়, জেলা শহরেও ঈদের বাজার জমেনি। সুনামগঞ্জ পৌর শহরের সুরমা মার্কেটে গ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা ঈদের কেনাকাটা করেন। এই সময় দিন-রাত ভিড় লেগেই থাকত। কিন্তু এবার ভিড় নেই বললেই চলে। সুচিত্রা ফ্যাশনের মালিক বিমল বণিক বলেন, গ্রামের মানুষ বাজারে আসছে না। শহরের লোকজনও সংখ্যায় অনেক কম।

দোজা শপিং সেন্টারের শাওন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মহিবুর আলম ও জিনিয়া ফ্যাশনের মালিক আবদুল খালেক ঈদের বাজারে ফসলহানির প্রভাব পড়ার বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, শুধু পোশাক নয়, ঈদে মানুষ কেনাকাটা করেন, এমন অন্য সব পণ্যের দোকানেও বিক্রি কম হচ্ছে।

সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা বলেন, হাওরে ফসলহানির প্রভাব সব ধরনের ব্যবসায় পড়েছে।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। গত এপ্রিলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।