হাওরে ফসলহারা মানুষের বিলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর তলিয়ে গেছে। অনেক মাঠেরই বোরো ফসল পানির নিচে। সিলেট সদরের বাওরকান্দি হাওরে তলিয়ে যাওয়া কাঁচা বোরো ধান কেটে গরুর খাবারের জন্য নৌকায় করে নিয়ে যাচ্ছে এক শিশু। ছবিটি গতকাল সকালে তুলেছেন আনিস মাহমুদ
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর তলিয়ে গেছে। অনেক মাঠেরই বোরো ফসল পানির নিচে। সিলেট সদরের বাওরকান্দি হাওরে তলিয়ে যাওয়া কাঁচা বোরো ধান কেটে গরুর খাবারের জন্য নৌকায় করে নিয়ে যাচ্ছে এক শিশু। ছবিটি গতকাল সকালে তুলেছেন আনিস মাহমুদ

১০ দিন আগেও সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের চামাউরার হাওরে ছিল ফসলের সমারোহ। এখন সেখানে অথই পানি। এ হাওরে আইয়ুব আলী ২৬ একর জমিতে রোপণ করেছিলেন বোরো ধানের চারা। সেই ধান পানির নিচে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

গতকাল রোববার সকালে চামাউরার হাওরপাড়ে গিয়ে দেখা যায়, আইয়ুব আলী ছলছল চোখে আক্ষেপ করছেন।

আইয়ুব আলীর জমি আবাদে সব মিলিয়ে দেড় লাখ টাকা খরচ হয়েছে। ফসল ডুবে যাওয়ায় খাবারের জোগান কোথা থেকে আসবে, সে চিন্তায় তিনি এখন অস্থির। তিনি বলেন, ‘আরও সামনে আগান (এগিয়ে যান), ফসল হারাইয়া গ্রামে গ্রামে মাইনষের খালি (কেবল) বিলাপ (আর্তনাদ) আর বিলাপ চলছে!’

স্থানীয় ১৭ জন কৃষকের সঙ্গে আলাপ করে জানা গেছে, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের চামাউরার হাওর ও লাকড়ির হাওর; হাটখোলা ইউনিয়নের জৈনকার হাওর এবং খাদিমনগর ইউনিয়নের পুইকড়ার হাওর—এ চার হাওরের ফসল গত ১০ দিন আগে অতিবর্ষণের কারণে তলিয়ে গেছে। এ ছাড়া ভারী বৃষ্টি আর উজানের ঢলে বাঁধ ভেঙে সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে হাওরের শত শত বিঘা জমির ফসল তলিয়ে গেছে।

গতকাল সরেজমিনে দেখা যায়, সিলেট সদর উপজেলার বাদাঘাট-বিমানবন্দর সড়কের ডানে-বামে অবস্থিত তিন হাওরপাড়ের বাসিন্দারা বিশেষ করে চামাউরাকান্দি, শান্তিপুর, বাওয়ারকান্দি, চরের হাটি, কামাটিলা, জৈনকারকান্দি, চাতল, লামারগাঁও, নীলগাঁও, নলকূট, নৈরপুতা, নোয়াগাঁও, লাকিরবাড়ি, বাইশটিলা, বাঘগুল গ্রামের কৃষক অকালে বোরো ফসল হারিয়ে এখন কেবল বিলাপ করছেন। কেউবা বিকল্প কাজের সন্ধানে এরই মধ্যে গ্রাম ছেড়েছেন। কেউবা রয়েছেন সরকারি অনুদান কিংবা ত্রাণের আশায়।

বেলা পৌনে একটায় চামাউরাকান্দি গ্রামের সাঈদ মিয়া (৩৪) বলেন, ৫০ হাজার টাকায় তিনি এক মহাজনের কাছ থেকে তিন একর জমি বন্ধক নিয়ে আবাদ করেছিলেন। সে জমি চাষাবাদ করতে তাঁর খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা। কীভাবে ধারের টাকা শোধ করবেন এবং ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ করবেন, তার হিসাব কষতে পারছেন না।

এদিকে সিলেট বিভাগের হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণাসহ হাওর রক্ষায় নয় দফা দাবিতে গতকাল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘হাওর রক্ষা আন্দোলন, সিলেট’। সকালে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা ও সদস্যসচিব অধ্যাপক এম এ রউফ। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী।

ফসলরক্ষা বাঁধ নির্মাণে গাফিলতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরে বিক্ষোভ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। মুক্তিযোদ্ধারা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, আবদুল মজিদ, আবদুল হাসিম প্রমুখ। এ ছাড়া বেলা একটায় পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সিলেট এবং সুনামগঞ্জ অফিস)