হাওরাঞ্চলের জমিতে এক ফসলের জায়গায় দুটি ফসল করা সম্ভব। এতে হাওরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনও বাড়বে। এ কাজে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। গতকাল বৃহস্পতিবার ‘হাওর এলাকায় বিকল্প জীবিকা হিসেবে সবজি ও ধান চাষ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ সেন্টার (পিপিআরসি) পরিচালিত এক গবেষণার তথ্য উপস্থাপনকালে বক্তারা এই সুপারিশ রেখেছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সহযোগিতায় এই গবেষণায় মূলত বোরো ধানের পাশাপাশি সবজি চাষের সম্ভাব্যতা যাচাই করে দেখা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সায়ীদ আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ষাটের দশকে দেশে কৃষিজমির পরিমাণ ছিল ৯২ লাখ হেক্টর। বর্তমানে তা ৮২ লাখ হেক্টরে নেমে এসেছে। তবে তার পরও ধানের বর্তমান জাতগুলো দিয়ে আমাদের খাদ্য উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। হাওর এলাকায় এক ফসলের জায়গায় দুটি ফসল চাষ করলে সামগ্রিকভাবে উৎপাদন বাড়বে। ষাটের দশকে হাওর এলাকায় বছরে দুটি ফসলের চাষ হতো উল্লেখ করে সায়ীদ আলী বলেন, হাওরে ধানের পাশাপাশি মিষ্টি আলু, ডাঁটা ও সবজি চাষ করা সম্ভব। তবে কৃষককে এমন ফসলের চাষ করার জন্য উৎসাহিত করতে হবে, যাতে তাঁদের মুনাফা থাকে।বিশেষ অতিথির বক্তব্যে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের আবাসিক পরিচালক এ কে এম মুসা বলেন, হাওরে ধানের যে জাতগুলোর চাষ হয়, তার উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। বিআর-২৮, বিআর-২৯ জাতের ধানের উৎপাদন গবেষণা মাঠে নয় টন হলেও হাওরে গিয়ে চার টন হয়। উৎপাদনের এই পার্থক্য কমিয়ে আনতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।ইউরোপীয় কমিশনের ফার্স্ট সেক্রেটারি কোয়েন ডুচাটিউ বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোর মধ্যে হাওর এলাকা অন্যতম। এখানকার মানুষের দারিদ্র্যবিমোচন ও বাংলাদেশের খাদ্যনিরাপত্তা অর্জনের জন্য ইইউ সহযোগিতা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বাড়ানো হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণার পরিচালক আলতাফ হোসেইন বলেন, ব্রি-২৯ অষ্টগ্রাম, মিঠামইন ও নিকলী এলাকায় সফলভাবে চাষ করা গেছে। তবে আজমেরীগঞ্জ ও সুল্লা উপজেলায় পানির সংকট দেখা দিয়েছিল। এ ছাড়া বোরো মৌসুমের আগে মিষ্টি আলু, আলু, টমেটো, ঢ্যাঁড়সসহ বিভিন্ন সবজির চাষ সম্ভব।