সুনামগঞ্জে মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সঙ্গে মতবিনিময়
হাওরে বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রথা বাতিলের দাবি

যথাসময়ে হাওরের বাঁধের কাজ না হওয়ায় এবং এই কাজে অনিয়ম-দুর্নীতি হওয়ার কারণেই ফসলহানির ঘটনা ঘটেছে। তাই হাওরের ফসল রক্ষায় ঠিকাদারি প্রথা বাতিল এবং বাঁধের কাজে হাওরপাড়ের কৃষকদের সম্পৃক্ত করতে হবে।
গতকাল সোমবার হাওরের ফসলহানির ঘটনায় গঠিত পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন এই দাবি জানান। তাঁরা বলেন, ঠিকাদারদের দিয়ে বাঁধের কাজ করিয়ে হাওরের ফসল রক্ষা করা যাবে না। হাওরে ‘জমি যার বাঁধ তার’ নীতি চালু করতে হবে। কৃষকেরাই তাঁদের জমির ফসল রক্ষা করবেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খানের নেতৃত্বে গঠিত চার সদস্যের ওই কমিটি রোববার সুনামগঞ্জে আসে। কমিটির সদস্যরা রোববার রাতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে সুধীজনদের সঙ্গে এবং গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকদের সঙ্গে মতিবিনিময় করেন।
কমিটির প্রধান মোহাম্মদ আলী খান বলেছেন, ‘হাওর এলাকায় একাত্তরের পর এত বড় দুর্যোগ আর হয়নি। হাওরের ফসল নিয়ে জুয়া খেলা বন্ধ করতে হবে। ফসলহানির ঘটনার তদন্ত হচ্ছে। আমরা মূলত তিনটি কাজ করব—হাওরে ফসলহানির ঘটনায় বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম, দুর্নীতি ও ধীরগতির কারণ খুঁজে বের করা; এই ফসলহানির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে যাতে হাওরে এ রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে করণীয় নির্ধারণ করা।
সুনামগঞ্জে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম গতকালের সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হক, সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি মো. খায়রুল কবির, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর সদস্যসচিব বিন্দু তালুকদার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, ঠিকাদার পার্থ সারথি পুরকায়স্থ প্রমুখ।
সভায় মোহাম্মদ আলী খান আরও বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত হাওর ঘুরে দেখব, কৃষকদের সঙ্গে কথা বলব এবং সুনামগঞ্জ ও সিলেট পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে যাব। বাঁধের কাজের জন্য কতগুলো পিআইসি হয়েছে, কবে কার্যাদেশ দেওয়া হয়েছে, কতগুলো কাজের টেন্ডার হয়েছে—আমরা সবকিছুর খোঁজ নেব। পিআইসি ও ঠিকাদার কারা কতটুকু কাজ করেছে আর কতটুকু বিল নিয়ে গেছেÑএসব দেখব।’
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হক বলেন, ‘ঠিকাদারদের দিয়ে হাওরে বাঁধের কাজ করিয়ে ফসলরক্ষা হবে না। ঠিকাদারি প্রথা বাতিল করতে হবে। বাঁধের কাজে কৃষকদের সম্পৃক্ত করতে হবে।’
সরকারি কৌঁসুলি খায়রুল কবির বলেন, ‘ফসলহানির সঙ্গে যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে ভবিষ্যতে এভাবে হাওরে কৃষকদের কাঁদতে হবে। বাঁধ নির্মাণের দায়িত্ব কৃষকদের হাতে ছেড়ে দিতে হবে।’
ঠিকাদার পার্থ সারথি পুরকায়স্থ বলেন, বাঁধের কাজে সবাই অনিয়ম-দুর্নীতি করেছেন, এটা বলা ঠিক নয়। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।
কমিটির সদস্যরা আজ মঙ্গলবার সকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত কৃষক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। জেলা প্রশাসনের সর্বশেষ হিসাব অনুযায়ী, আগাম বন্যায় ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ১৮৮টি কৃষক পরিবার।
তবে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতির ওই হিসাব সঠিক নয় বলে দাবি করে বলেন, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ লাখ কৃষক পরিবার।