হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় যুবলীগ নেতার জামিন
সুনামগঞ্জের হাওরে হাজার কোটি টাকার ফসলহানির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা চপল।
আজ বুধবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম ঝিনুক তাঁকে জামিন দেন। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি খায়রুল কবির রুমেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খায়রুল হুদা চপলকে গত ১৫ আগস্ট রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
গত এপ্রিলে সুনামগঞ্জের হাওরে ব্যাপক ফসলহানির পর ২ জুলাই সুনামগঞ্জ সদর মডেল থানায় হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে একটি মামলা হয়। মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালন কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এ মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৫ কর্মকর্তা ও বাঁধের কাজের ৪৬ জন ঠিকাদারকে আসামি করা হয়। দুদক মামলা করার পর ঢাকা থেকে সুনামগঞ্জ পাউবোর বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিন ও ঠিকাদার মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়। মো. আফছার উদ্দিন গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান।
সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে গত এপ্রিল মাসে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ৯০ ভাগ ফসল তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার। ফসলহানির পর বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।