হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ও অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতারা। গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভা আয়োজন করে তাঁরা এই দাবি জানান।

উপজেলার সদর ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষের সঙ্গে এই সভা হয়। পশ্চিম কালীপুর গ্রামে অনুষ্ঠিত সভায় পাশের সদরকান্দি, কালীপুর, পশ্চিম লম্বাবাক ও বান্দেরহাটি গ্রামের লোকজনও উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম কালীপুর গ্রামের মো. গোলাম হোসেন। সুনামগঞ্জে হাওরের ফসলহানির পর থেকে কৃষকের পক্ষে সোচ্চার হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন নামের এই সংগঠন।

সভায় বক্তারা বলেন, হাওরে ব্যাপক ফসলহানি ও ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির তদন্তে গঠিত পানিসম্পদ মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদনে ফসলরক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজনের দুর্নীতি, অনিয়ম ও অবহেলা ছিল বলে উল্লেখ করা হয়েছে। কবে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে বলার পর অতিবৃষ্টিতে বাঁধ উপচে হাওরে ফসলহানি ঘটেছে বলে যে দাবি করা হয়েছে, সেটি সঠিক নয়। সুনামগঞ্জের কোনো হাওরে বাঁধ উপচে পানি ঢোকেনি। সব হাওরের ফসল ডুবেছে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। এখন বাঁধ উপচে পানি ঢুকেছে বলা দুর্নীতিবাজদের রক্ষার একটা কৌশল।

সংগঠনের আহ্বায়ক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেন, পাউবোর তথ্য অনুয়ায়ী ঠিকাদারদের ৭৬টি বাঁধের মধ্যে ৯টি বাঁধের কোনো কাজ হয়নি। যেখানে বাঁধের কোনো কাজ হলো না, সেখানে বাঁধ উপচে পানি প্রবেশ করার প্রশ্ন আসে কীভাবে। অন্য বাঁধের কাজ হয়েছে ১০ থেকে ৭০ ভাগ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সংগঠক জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ, বন্ধুসভার সহসভাপতি প্রদীপ পাল, স্থানীয় বাসিন্দা আবদুল হান্নান, আবদুল অদুদ, সিদ্দিক আহমদ প্রমুখ। পরে এই পাঁচটি গ্রামের ফসলহারা ২০০ কৃষক পরিবারকে ঈদের সহায়তা হিসেবে মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী এক লাখ টাকা দেন।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার অকাল বন্যায় ১৫৪টি হাওরের ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা বলেছেন, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।