হাওরে বাঁধ নির্মাণের দুর্নীতি আড়াল করার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের দুর্নীতি আড়ালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা বলেছেন, ফসলহারা কৃষকেরা যখন দিশেহারা এবং অর্ধাহারে–অনাহারে দিন কাটাচ্ছেন, তখন সরকারের দায়িত্বশীল কারও কারও মন্তব্য শুনে মনে হচ্ছে তাঁরা এসব নিঃস্ব মানুষের প্রতি উপহাস করছেন।

এ বছর অসময়ে হাওর অঞ্চলের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে গঠিত সুনামগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটি ও সংবাদকর্মীদের এক মতবিনিময় সভায় বক্তারা এসব অভিযোগ করেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে এ সভা হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে এ সভায় তদন্ত কমিটির সদস্য সুনামগঞ্জ এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ইব্রাহিম মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হাবিবুর রহমান, সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী, বিজন সেন রায়, পঙ্কজ কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, এখন জলবায়ু পরিবর্তন, অকালবন্যা, পানির উচ্চতা বেশি—এসব নানা তথ্য হাজির করে বাঁধ নির্মাণের অনিয়ম-দুর্নীতি আড়াল করার চেষ্টা চলছে। সুনামগঞ্জে ফসলহানির পেছনে মূল কারণ সময়মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণ না হওয়া এবং বাঁধের কাজে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সীমাহীন গাফিলতি ও দুর্নীতি।

বক্তারা আরও বলেন, হাওরে ঠিকাদারেরা নয়টি বাঁধের কোনো কাজই করেননি। আরেক বাঁধের কাজ হয়েছে ১০ থেকে ৫০ শতাংশ। দুর্নীতির সঠিক তদন্ত করে এতে জড়িত পাউবোর কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসির লোকজনের শাস্তি নিশ্চিত করতে হবে।

তদন্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘আমরা হাওরের ফসল তলিয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করছি। সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কথা বলছি।’

সভায় মতামত দেওয়া হয়, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রথা বাতিল করে স্থানীয় শিক্ষক ও কৃষকদের অন্তর্ভুক্ত করে পিআইসি গঠন করতে হবে। বাঁধ নির্মাণকাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং প্রকল্পের অর্থ ছাড়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দিতে হবে। বাঁধ নির্মাণ পরিকল্পনায় সেনাবাহিনী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) সম্পৃক্ত করতে হবে।