হাওরে বাঁধ নির্মাণের নামে ১২ কোটি টাকা লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে ১২ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই লুটপাটে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে স্থানীয় সাংসদেরা জড়িত। বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতির কারণেই হাওরে ফসলডুবি ঘটেছে। এখন ফসল হারিয়ে কৃষকেরা দিশেহারা। কৃষকদের বাঁচাতে সুনামগঞ্জের হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। গতকাল শনিবার সুনামগঞ্জে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা এসব কথা বলেন।সুনামগঞ্জ প্রেসক্লাবের পৌর বিপণির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ফসলডুবির হিসাবকে মিথ্যা-বানোয়াট আখ্যায়িত করেন। তিনি বলেন, সুনামগঞ্জের হাওরের ৮০ শতাংশ ফসল এখন পানির নিচে। কর্মকর্তারা এখন নিজেদের অবহেলা আর দুর্নীতি ঢাকতেই সরকারের উচ্চপর্যায়ে জানাচ্ছেন, হাওরে ফসলের তেমন ক্ষতি হয়নি। এই ষড়যন্ত্রের সঙ্গে স্থানীয় সাংসদেরা জড়িত। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, বিএনপির নেতা ওয়াকিফুর রহমান, এ টি এম মিসবাহ প্রমুখ।পাউবোর বক্তব্য: জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম অভিযোগের জবাবে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সুনামগঞ্জের হাওরের বাঁধের দৈর্ঘ্য হচ্ছে এক হাজার ৩৮৩ কিলোমিটার। আর আমরা কাজ করেছি ৩৫টি হাওরের ১৩১ কিলোমিটারে। বাকি জায়গা দিয়ে হাওরে পানি ঢুকেছে। আমাদের কাজে কোনো অনিয়ম হয়নি।’