হাওরে বাঁধের কাজ করবে জনগণ, ঠিকাদার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক ও গণ্যমাণ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটির সদস্যরা এ কাজ করবেন। এর আগে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত এই পদ্ধতি চালু ছিল। পরে তা বন্ধ করে আবার ঠিকাদারি প্রথা চালু হয়।ঠিকাদারি পদ্ধতিতে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রতিবছর অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় এবং গত বছর হাওরে ব্যাপক ফসলহানির ঘটনায় বাঁধের নির্মাণকাজে হাওর এলাকার স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চলতি বছর থেকে আবার পিআইসি পদ্ধতিতে ‘কাজের বিনিময়ে টাকা’ কর্মসূচির মাধ্যমে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। গত ১০ নভেম্বর পাউবোর প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে এক চিঠিতে সুনামগঞ্জ পাউবোকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা যায়, নতুন নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। কাজের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিকাদারি পদ্ধতিতেও কাজের সময়সীমা একই রকম ছিল। কিন্তু কোনোবারই যথাসময়ে কাজ শুরু বা শেষ হয়নি। পিআইসির কাজ শুরুর আগে জেলা, উপজেলা ও স্থানীয় কমিটি গঠন করার কথা থাকলেও এখনো কমিটিগুলো গঠিত হয়নি। এ কারণে বাঁধের কাজ যথাসময়ে শুরু না হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পাউবো বলছে, হাওরের যেসব স্থান থেকে বাঁধের জন্য মাটি তোলা হবে, সেখানে এখনো দুই মিটার পানি রয়েছে। পানি না কমলে মাটি পাওয়া যাবে না। তাই বাঁধের কাজ ডিসেম্বরের শেষ দিকে অথবা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে।কাজের নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসককে সভাপতি ও স্থানীয় পাউবোর নির্বাহী প্রকৌশলীকে সদস্যসচিব করে ১১ সদস্যের জেলা কমিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে নয় সদস্যের উপজেলা কমিটি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ইউপি সদস্যকে সভাপতি করে প্রতিটি প্রকল্প বস্তবায়ন কমিটি গঠনের কথা। কাজ করবে মূলত স্থানীয় কমিটি। পাঁচ থেকে সাত সদস্যের প্রতিটি স্থানীয় পিআইসিতে সভাপতি ছাড়া সদস্যসচিব হিসেবে ইউপি সদস্য অথবা কমিটির সদস্যদের মধ্য থেকে জ্যেষ্ঠ সদস্য থাকবেন, স্থানীয় সাংসদের মনোনীত একজন নারীসহ একজন গণ্যমান্য ব্যক্তি, একজন বিদ্যালয়ের শিক্ষক ও একজন এনজিও প্রতিনিধি, উপজেলা পরিষদ চেয়ারম্যানের মনোনীত হিসেবে একজন আনসার অথবা ভিডিপি সদস্য এবং পাউবোর নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধির একজন সদস্য কমিটিতে থাকবেন। প্রতিটি পিআইসি সর্বোচ্চ ১৫ লাখ টাকার কাজ করতে পারবে। একটি ইউনিয়নে সর্বোচ্চ চারটি পিআইসি গঠন করা যাবে। তবে কাজে কোনো অনিয়ম হলে উপজেলা কমিটির সুপারিশে নির্বাহী প্রকৌশলী পিআইসির কাজ স্থগিত অথবা বাতিল করতে পারবেন।সূত্র জানায়, পাউবো সুনামগঞ্জের ৩৭টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ করে। গত বছর সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে বরাদ্দ ছিল ১৭ কোটি ১০ লাখ টাকা। এবার বরাদ্দ চাওয়া হয়েছিল ৯৩ কোটি টাকা। কিন্তু এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ১৩ কোটি ৩২ লাখ টাকা।সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বলেন, ‘নতুন নীতিমালা অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের চেষ্টা থাকবে, পিআইসির কাছ থেকে শতভাগ কাজ আদায় করে নেওয়া।’