হাওরে বাঁশের বেড়া ও জাল দিয়ে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের ডালাচিনা হাওরে বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে মাছ চাষ করছেন প্রভাবশালী ব্যক্তিরা। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের টনক নড়লেও তা কেবল চিঠি-চালাচালি ও সরেজমিন পরিদর্শনেই সীমাবদ্ধ।
এলাকাবাসী জানান, ডালাচিনা বিল (হাওর) ও পাশের আমুদপুরের কুঁড়ের প্রায় দুই কিলোমিটার এলাকা বাঁশের বেড়া ও জাল দিয়ে ঘিরে নিয়েছেন ধলা ইউনিয়নের ধলা গ্রামের নাজমুল খান ও ফয়সাল চৌধুরী এবং উত্তর সেকান্দরনগর গ্রামের শওকত মিয়াসহ ১৫-২০ জন প্রভাবশালী ব্যক্তি। গত জ্যৈষ্ঠ মাস থেকে সেখানে এভাবে মাছ চাষ করে আসছেন তাঁরা। এতে আশপাশের ৮-১০টি গ্রামের মৎস্যজীবীদের জীবিকা বন্ধ হয়ে গেছে। আবার বর্ষাকালে নৌকায় করে এলাকাবাসীর যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।
এসব অসুবিধার কথা জানিয়ে ও তার প্রতিকার চেয়ে দক্ষিণ ধলা গ্রামের নুরুল ইসলাম ও গজেন্দ্রপুর গ্রামের ফুল মিয়া যথাক্রমে গত ১২ ও ১৭ জুলাই কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। ওই চিঠির অনুলিপি মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার কাছেও পাঠানো হয়।
তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। তিনি বিষয়টি মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। গত মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সমন্বয় সভায় ওই বেড়া উচ্ছেদে জেলা প্রশাসনের সহযোগিতা চান জেলা মৎস্য কর্মকর্তা। এরপর এ বিষয়ে ব্যবস্থা নিতে তাড়াইলের ইউএনওকে নির্দেশ দেওয়া হয়। ইউএনও সুলতানা আক্তার ২৯ আগস্ট চিঠি দিয়ে ওই হাওর ও কুঁড় থেকে বাঁশের বেড়া ও জাল অপসারণে অভিযুক্ত ব্যক্তিদের সাত দিন সময় দেন।
অভিযুক্ত শওকত মিয়াসহ চারজন ইউএনওর চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে বেড়া ও জাল অপসারণ করবেন কি না, জানতে চাইলে শওকত মিয়া বিষয়টি এড়িয়ে যান। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আপনি কোথায় আছেন? আপনার সঙ্গে দেখা করে বিস্তারিত কথা বলব।’
সুলতানা আক্তার প্রথম আলোকে বলেন, ‘বেড়া অপসারণের জন্য চিঠি দিয়েছি। অভিযুক্ত ব্যক্তিরা যথাসময়ে এ আদেশ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’