হাওরে বাবা ও মেয়ের লাশ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এক হাওর থেকে আজ সোমবার সন্ধ্যায় বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার এক দল মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের ধরে নিয়ে যায়।
নিহত দুজন হলেন আবদুল সালাম (৪০) ও রুলি বেগম (১৫)। তাঁরা কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটিমালা গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, গত শনিবার মেয়েকে নিয়ে আবদুস সালাম উপজেলা সদরে যান। সন্ধ্যার দিকে তাঁরা বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি গেলে এক দল মুখোশধারী দুর্বৃত্তরা তাঁদের ধরে নিয়ে যায়। এ ব্যাপারে পুলিশকে জানান পরিবারের অন্য সদস্যরা। আজ সন্ধ্যার দিকে হাওরের পানিতে বাবা-মেয়ের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম প্রথম আলোকে বলেন, দুটি লাশেই আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁদের হত্যা করা হয়েছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্ট চলছে।