হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনায় বিদ্যুতের তারে জড়িয়ে নৌকার মাঝি ও দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাত যাত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার এলংজুরি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন নৌকার মাঝি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মামুদপুর গ্রামের আফাজ উদ্দিন (৫০) এবং নৌকার যাত্রী শান্তিপুর গ্রামের আবদুর রহিম (৫৪) ও চকেশ্বর গ্রামের সজীব মিয়া (২৮)।

আহত যাত্রীরা হলেন রতন মিয়া (৩০), ফুল মিয়া (২৬), জাকির হোসেন (৪৫), নজরুল ইসলাম (২২), হীরা মিয়া (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৪) ও শফিকুল ইসলাম (৫০)। তাঁদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, গতকাল ইটনা উপজেলা শহরে সাপ্তাহিক হাট ছিল। বিভিন্ন এলাকা থেকে নৌকা নিয়ে এ হাটে আসে হাজারো মানুষ। হাট শেষে বিকেলে বাজারের ঘাট থেকে যাত্রীবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা পাশের মিঠামইন উপজেলার ঢাকি যাচ্ছিল। বিকেল সাড়ে চারটার দিকে হাওরের পানিতে নিচু হয়ে থাকা পল্লী বিদ্যুতের একটি তার নৌকার স্টিলের ছাদে লেগে যায়। এ সময় পুরো নৌকা বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত অবস্থায় বাকি সাতজনকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইটনা থানার ওসি আরও জানান, খবর পেয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।