হাওরে বিলুপ্তির পথে ৪৬ প্রজাতির মাছ
এক যুগ আগেও সিলেট বিভাগের চার জেলার হাওরাঞ্চলে প্রচুর মাছ পাওয়া যেত। এখন পাওয়া যায় সামান্যই।
সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সূত্র অনুযায়ী, এক যুগ আগে হাওরে ১০৭ প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন বিলুপ্তির পথে রয়েছে অন্তত ৪৬ প্রজাতির মাছ।
মৎস্য অধিদপ্তরের তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সিলেটের চার জেলা সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের হাওর-বিলগুলোতে এখন আর আগের মতো দেশি মাছ মেলে না। বর্তমানে হাওরে দেশি মাছের মধ্যে ‘মহাবিপন্ন’ অবস্থায় রয়েছে টাটকিনি, ঘারুয়া, চাকা, বাঘাড়, রিঠা, রানি, পাঙাশ, বামোশ, নাফতানী, চিতল, একথুটি, মহাশোল ও সরপুঁটি মাছ। ‘সংকটাপন্ন’ অবস্থায় রয়েছে বাচা, ছেপ চেলা, ঢেলা, বাঁশপাতা, কুঁচে, নাপতে কই, রায়েক, টেংরা, ফলি, গুজি আইড় মাছ। ‘বিপন্ন’ অবস্থায় রয়েছে গোলসা, গনিয়া, দাড়কিনা, আইড়, পাবদা, বড় বাইম, গজার, তারাবাইম, তিতপুঁটি, নামা চান্দা, কালিবাউস, নান্দিনা, ঘোড়া, মধু পাবদা, খাশ খাইরা, এলং, তিলা শোল, খলিশা, মেনি, শালবাইম, রায়েক ও ঘাং মাগুর মাছ।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি হাওরপাড়ের পূর্ব ঝুধিষ্ঠিপুর গ্রামের জেলে জয়নাল আবেদীন ও জমশেদ মিয়া বলেন, তাঁরা পৈতৃক সূত্রে মাছ ধরা ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত। এক যুগ আগেও তাঁরা যেসব মাছ হাওর থেকে ধরতেন, এখন সেসবের বেশির ভাগই বিলুপ্ত হয়ে গেছে।
হাওরাঞ্চলে মৎস্য প্রকল্প বাস্তবায়নরত সিলেটের দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার দুজন কর্মকর্তা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক জানান, সিলেটে ৪ লাখ ৭০ হাজার ৫৫৬ হেক্টর হাওর, বিল ও জলাশয় রয়েছে। এসব উৎস থেকে প্রতিবছর প্রায় সোয়া লাখ থেকে দেড় লাখ মেট্রিকটন মাছ আহরণ করা হয়। তবে এক দশক আগে মাছ আহরণের পরিমাণ আরও বেশি ছিল। কারণ জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দেশি প্রজাতির অনেক মাছের বংশবিস্তার হচ্ছে না। আগের মতো হাওরে পর্যাপ্ত পানি না থাকা, ‘পাইল ফিশিং’ (দু-তিন বছর নির্দিষ্ট এলাকায় মাছ না ধরা) না হওয়া এবং হাওরে নতুন পানি আসার সময় জাল দিয়ে অবাধে ডিমওয়ালা মাছ ও পোনা ধরার কারণে দেশি প্রজাতির অনেক মাছ বিলুপ্তির পথে রয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে কিছুদিন পর হাওরগুলো মাছশূন্য হয়ে পড়বে।
এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শাহাব উদ্দিন বলেন, ‘মাছের উৎপাদন ও বিলুপ্তি ঠেকাতে হাওরের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মা মাছের নির্বিঘ্নে বড় হওয়া ও প্রজননের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি উন্মুক্ত জলাশয়, বিল ও নদীতে অভয়াশ্রম স্থাপন করা প্রয়োজন। এক কথায় মাছের প্রজনন ও বৃদ্ধির জন্য নিরাপদ বিচরণস্থল তৈরি করতে না পারলে কোনোভাবেই মাছের বিলুপ্তি রোধ করা সম্ভব হবে না।’
সিলেটের জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাশ বলেন, ‘হাওরে নতুন পানি আসার সময়টুকু অর্থাৎ জুন, জুলাই ও আগস্ট মাসে মাছ আহরণ একেবারে বন্ধ রাখতে পারলে দেশি মাছের বিলুপ্তি কিছুটা হলেও রোধ করা সম্ভব। এ ছাড়া সিলেটে অনেক সময় আইন অমান্য করে শুকনো মৌসুমে বিল-জলাশয় সেচে ইজারাদারেরা মাছ আহরণ করে থাকেন। এটি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে পারলে মাছের বিলুপ্তি অনেকটাই ঠেকানো সম্ভব হবে।’