হাওরে বৈশাখী হাওয়া

বৈশাখ দুয়ারে কড়া নাড়ছে। চারদিকে উৎসবের আমেজ। সেই উৎসবের ঢেউ লেগেছে হাওরে, কৃষকের মনে। শুরু হয়েছে নতুন ধান কাটা। হাওরের পূবালী বাতাসে এখন পাকা ধানের ম-ম গন্ধ।
বৈশাখ এলেই সুনামগঞ্জের হাওরাঞ্চলের চিরচেনা এ রূপ চোখে পড়ে। ঠা-ঠা রোদ মাথায় নিয়ে খেতে ধান কাটছেন কৃষকেরা। সেই সোনালি ধান মাথায় কিংবা কাঁধে বয়ে নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে চলছে মাড়াই। কিষানিরা মনের আনন্দে মাড়াই করা ধান বাতাসে ওড়াচ্ছেন। খলাতেই শুকাচ্ছেন ধান। বিকেলের শান্ত রোদে শুকনো ধান মাথায় নিয়ে বাড়ি ফিরছেন কিষানিরা। ধান গোলায় ভরে তবেই স্বস্তি।
হাওরে ধান কাটার এ উৎসবে শুধু কিষান-কিষানি নন, বাড়ির সব বয়সী মানুষই যোগ দেন। হাওরে এ এক অন্য রকম উৎসব। চলে বৈশাখজুড়ে। ফসল গোলায় তোলার এ উৎসবের কাছে কাঠফাটা রোদ, বোশেখের ঝড়-বৃষ্টি—সবই যেন তুচ্ছ। ধানের সবুজ শিষের রং যখন লালচে হতে শুরু করে, তখন কৃষকের মনের রং বদলায়। চোখ-মুখ খুশিতে ভরে ওঠে। প্রস্তুতি শুরু করেন ধান কাটার। বাড়ির পাশে কিংবা হাওরের কোনো জায়গায় তৈরি করা হয় খলা (ধান কেটে মাড়াই করার স্থান)। খলা তৈরিতে মূল ভূমিকা রাখেন কিষানিরা। নতুন ধানের সঙ্গে মনের আনন্দে একটি মাস এ খলাতেই বেশি সময় কাটান বাড়ির গৃহিণীরা।
গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার দেখার হাওর পাড়ের গ্রাম আবদুল্লাহপুরে গিয়ে হাওর এলাকার চিরচেনা এ রূপের খণ্ডচিত্র চোখে পড়ে। খলায় পূবালী বাতাসে ধান ওড়াতে থাকা কিষানি সাজিয়া বেগম (৩৮) জানান, তিন-চার দিন ধরে ধান কাটা শুরু হয়েছে। সেই সঙ্গে তাঁরাও ব্যস্ত হয়ে পড়েছেন। এ ব্যস্ততা চলবে বৈশাখজুড়ে। পাশে থাকা সরফুন নেছার (৪০) কপাল থেকে ঘাম ঝরছিল। ‘পুরো এক মাস এত কষ্ট করবেন?’—এমন প্রশ্নে তিনি মুচকি হাসেন। বলেন, ‘আমরার লাগি ইতা কোনো কষ্ট না। এই ধান ঘরও তুলতে পারলেই ত সারা বছর সুখ থাকে।’
এ সময় কাঁধে ধানের বোঝা নিয়ে আসেন কয়েকজন কৃষক। কাঁধ থেকে ধান নামাতে নামাতে দরিয়াবাজ গ্রামের গোলাপ মিয়া বলেন, ‘ইবার ধান ভালা অইছে বা। দিনের ভাবও (আবহাওয়া) ভালা। আমরার একটা মাস পাইলেই অয়।’ পাশ থেকে কৃষক আবদুর রশিদ বলেন, ‘এক মাস না, ঠিকমতো ১৫ দিন অইলেই ধান তুলি লিতাম পারমু। আর এক মাস অইলেত খুবই ভালা।’
কৃষকেরা জানালেন, সুনামগঞ্জের বড় ধানি হাওরগুলোর একটি হলো দেখার হাওর। এ হাওরে চারটি উপজেলার কৃষকদের জমি আছে। জেলার একমাত্র ফসল হলো বোরো ধান। এ ধানের ওপরই তাঁদের সবকিছু নির্ভর করে। ঘরের খাওয়া-দাওয়া, বিয়েশাদি, ছেলেমেয়েদের লেখাপড়া, আনুষঙ্গিক ব্যয় সবকিছুই বোরো ফসল থেকে আসে। কোনো কারণে ফসল গোলায় না উঠলে কৃষক পরিবারের দুঃখের আর সীমা থাকে না। তবে হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। কৃষক মনির হোসেনের কথা, ফসল রক্ষা বাঁধ হয় নামে মাত্র। মূলত প্রকৃতির ওপরই তাঁদের ভরসা। আগাম বন্যা নিয়ে যত শঙ্কা তাঁদের।
সুনামগঞ্জে কয়েক দিনের টানা বৃষ্টি হলেই ফসল ঝুঁকির মুখে পড়ে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার জেলায় তিন লাখ ১৬ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো ফসলের আবাদ হয়েছে। ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা গড়ে প্রতি হেক্টরে ধরা হয়েছে পাঁচ থেকে ছয় মেট্রিক টন।
কৃষি বিভাগের উপপরিচালক মোহামঞ্চদ আবুল হাসেম প্রথম আলোকে জানান, হাওরে এবার ধানের ফলন ভালো হয়েছে। আর সপ্তাহ খানেক পর পুরোদমে ধান কাটা শুরু হবে। এপ্রিল মাস পর্যন্ত কোনো সমস্যা না হলে হাওরের ৭০ শতাংশ ধান কাটা শেষ হয়ে যায়।