হাওরে বোরো ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা ও সুনামগঞ্জের নলুয়ার হাওর এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে। বাংলা নববর্ষের শুরুতে নতুন ধান পেয়ে নলুয়ার হাওরের কৃষকেরা ভীষণ খুশি। তবে ডিঙ্গাপোতার কৃষকেরা ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার এক লাখ ৭০ হাজার ৬৫৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু আবাদ হয়েছে এক লাখ ৭৪ হাজার ৪২০ হেক্টর জমিতে। ডিঙ্গাপোতা হাওরের কৃষক আবদুল মুন্নাফ জানান, এবার প্রতি কাঠায় (১০ শতক) চার-পাঁচ মণ করে ধান হয়েছে। বাজারে বর্তমানে ধানের দাম ৫৬০ টাকা। কিন্তু প্রতি কাঠায় ধান উৎপাদনের জন্য তাঁদের আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়েছে। তাই ধানের দাম না বাড়লে তাঁদের লোকসান হবে। হিরা মিয়া নামের আরেক কৃষক বলেন, ‘ধান পাকার আগে একটু বৃষ্টি হলে ফলন আরও ভালো হতো। এ জন্য কিছুটা কম ফলন হয়েছে। ধানের ন্যায্য দাম পাইলে এখন যা পাইতাছি তা দেয়া কোনো রহমে জান বাঁচতে ফারে (পারে)।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী নূরুল ইসলাম জানান, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ করা হয়েছে। এখন ধানের ন্যায্যমূল্য পেলে কৃষকের মুখে হাসি ফুটবে।জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরেও বোরো ধান কাটা শুরু হয়েছে। এ হাওরের কৃষক সুলতান মিয়া জানান, নতুন বছরের প্রথম দিনকেই ধান কাটার জন্য ঠিক করে নিয়েছেন তিনি। তিনি এবার ২০ কেদার জমিতে (৩০ শতকে এক কেদার) বোরো আবাদ করেছেন। এ পর্যন্ত তিন কেদার জমি থেকে তিনি ৬০ মণ ধান পেয়েছেন। পুরোপুরি ধান কাটা শুরু হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। বাম্পার ফলন হওয়ায় তিনি খুশি। শুধু সুলতান মিয়া নন বছরের প্রথম দিনে আরও অনেক কৃষক ধান কেটেছেন। ভূরাখালী গ্রামের নুরুল ইসলাম বলেন, ‘একমাত্র বোরো ফসলের ওপর হাওরপারের কৃষকেরা নির্ভরশীল। তাই আমাদের কাছে ফসল ঘরে তোলার আনন্দের চেয়ে আর বড় কোনো আনন্দ নেই।’ সরেজমিনে দেখা গেছে, হাওরে আধাপাকা ধানের শিষ দুলছে। কৃষকেরা ধান কাটার প্রস্তুতি হিসেবে যাবতীয় উপকরণ (যেমন কাঁচি, বস্তা, টুকরি, চাটাই) সংগ্রহে ব্যস্ত রয়েছেন। কৃষাণীরা খলা তৈরি ও ধান রাখার গোলা ঠিক করার কাজ করছেন। বাউধরন গ্রামের কৃষক মাহমুদ মিয়া বলেন, ‘একমাত্র বোরো ফসলের ওপর আমার পরিবার নির্ভরশীল। এবার ৩০ কেদার বোরো আবাদ করেছি। বছরের খোরাক (খাদ্য) রাখার পর বাকি ধান বিক্রি করে মেয়ের বিয়ে দেব বলে ঠিক করেছি।’ উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, কৃষিনির্ভর উপজেলার মানুষ একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। তাই বোরো ধান তোলার সময় কৃষক পরিবারে সব সদস্য মিলে আনন্দের মধ্য দিয়ে গোলায় ধান তোলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জগন্নাথপুর উপজেলার ২০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৭০ টন। উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন বলেন, ফলন ভালো হওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।