হাওরে মাছ ধরা বন্ধ করতে গিয়ে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি হাওরে বিল শুকিয়ে মাছ ধরা বন্ধ করতে গেলে ইজারাদারের লোকজন গতকাল সোমবার এক ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে রাখে। এ সময় ইজারাদারের লোকজনের হামলায় ম্যাজিস্ট্রেটের নৌকার দুই মাঝি আহত হন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের পেশোয়া বিলে ইজারাদারের লোকজন পাম্প মেশিনে পানি শুকিয়ে মাছ ধরছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মো. মুমিন উদ্দিন গতকাল বেলা তিনটার দিকে ওই হাওরে যান। তাঁর সঙ্গে কয়েকজন পুলিশ ও আনসার সদস্য ছিলেন। মুমিন উদ্দিন পাম্প মেশিন বন্ধ করার নির্দেশ দেন। এ সময় বিলের পাশের দুটি গ্রাম—পাটাবুকা ও লতিফপুরের লোকজন এসে পুলিশ ও আনসার সদস্যসহ ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে ফেলে। একপর্যায়ে টহল নৌকার মাঝি সাদ্দাম (২২) ও হাবিবুরকে (৩০) মারধর করে ইজারাদারের লোকজন। খবর পেয়ে তাহিরপুর থানা থেকে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে ইজারাদারের লোকজন পালিয়ে যায়। পরে বিল থেকে পাঁচটি পাম্প মেশিন জব্দ করে নিয়ে আসা হয়।ম্যাজিস্ট্রেট মো. মুমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ইজারাদারের লোকজন আমাদের দুদিক দিয়ে ঘেরাও করে ফেলে। তাঁরা আমাদের দুই মাঝিকে মারধর করেছে।’তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।