হাওরে মাছ ধরার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরে পানি কমতে শুরু করেছে। বিল–জলাশয়গুলোতে চলছে মাছ ধরার উৎসব। সিলেট সদরের নীলগঁাও গ্রামের বিল থেকে সম্প্রতি তোলা ছবি l আনিস মাহমুদ
হাওরে পানি কমতে শুরু করেছে। বিল–জলাশয়গুলোতে চলছে মাছ ধরার উৎসব। সিলেট সদরের নীলগঁাও গ্রামের বিল থেকে সম্প্রতি তোলা ছবি l আনিস মাহমুদ

কার্তিক মাস। হাওরের পুকুর-বিল-জলাশয়গুলো থেকে পানি কমতে শুরু করেছে। যতই পানি কমছে, ততই যেন মাছের দাপাদাপি বেড়ে যাচ্ছে। বড়ই ‘অদ্ভুত সুন্দর’ সে দাপাদাপি! পানির ওপরে মাছ ভাসছে আর কিলবিল করছে। গ্রামের বুড়ো থেকে শুরু করে দুরন্ত কিশোর, কে না গা ভাসাচ্ছে হাওরের তরতাজা সেই মাছ ধরার নেশায়?
হাওরের কোথাও কোথাও পুকুর-জলাশয়ের পানি একেবারেই শুকিয়ে গেছে। সেসব স্থানে জলকাদায় একাকার হয়ে দল বেঁধে নেমে পড়েছে কিশোরেরা। কেউ কেউ জালের সাহায্যে, আবার কেউ পুকুরে কাদা হাতড়িয়ে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে। সকাল, দুপুর, বিকেল—বিরামহীনভাবে চলছে মাছ ধরা। এ যেন এক মহোৎসব। মৎস্যজীবী ছাড়াও কেবল শখের বশেই হাওরের বাসিন্দাদের অনেকে মাছ ধরায় মশগুল হয়ে পড়েছে।
সিলেট সদর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব উমেদ আলী স্মৃতি হাতড়ালেন এভাবেই, ‘আগে পানি নামার এমন সময়টাতে (কার্তিক মাস) নানা প্রজাতির দেশি মাছ ধরা পড়ত, এখন আর সেসব মাছ নেই। তবে যা পাওয়া যায়, সেসবের স্বাদও ভিন্ন। বিল-জলাশয়ের তাজা মাছের স্বাদই আলাদা।’
সিলেটের উমেদ আলীর স্মৃতির যথার্থতা টের পাওয়া যায় উপমহাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের কণ্ঠেও। তিনি ১৯৬২ সালে তাঁর হবিগঞ্জ ছেড়ে কলকাতার বাসিন্দা হন। এর কিছু পরে এক গানে তিনি হাওরের তাজা মাছের কথা মনে করে আক্ষেপ করেছিলেন, ‘হাওরের পানি নাই রে হেথায়, নাই রে তাজা মাছ’।
ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওরপারের বাসিন্দা খায়রুল ইসলাম (৪৭) জানান, কার্তিক মাসের আগে-পরে হাওরঘেঁষা বিল-জলাশয়গুলোর পানি কমতে শুরু করে। তখন স্থানীয়রা শখের বশে মাছ ধরতে নামেন, এটাই হাওরের চিরাচরিত নিয়ম। বাইম, গুথুম, পাবদা, বোয়াল, বাগাড়, শিং, মাগুর, আইড়সহ নানা সুস্বাদু মাছ ধরাও পড়ে।
সিলেটের সদর উপজেলার নীলগাঁও ও দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও গ্রামের আশপাশের হাওর-বিল-জলাশয় তীরবর্তী এলাকায় সরেজমিনে দেখা গেছে, বয়স্ক ব্যক্তি থেকে কিশোরেরা মাছ ধরায় ব্যস্ত সময় কাটাচ্ছে।

হাওরে পানি কমতে শুরু করেছে। বিল–জলাশয়গুলোতে চলছে মাছ ধরার উৎসব। সিলেট সদরের নীলগঁাও গ্রামের বিল থেকে সম্প্রতি তোলা ছবি l আনিস মাহমুদ
হাওরে পানি কমতে শুরু করেছে। বিল–জলাশয়গুলোতে চলছে মাছ ধরার উৎসব। সিলেট সদরের নীলগঁাও গ্রামের বিল থেকে সম্প্রতি তোলা ছবি l আনিস মাহমুদ

সিলেটের সদর উপজেলার নীলগাঁও গ্রামের পাশেই চেঙ্গেরখাল নদী। এই নদী-লাগোয়া কয়েকটি ছোটখাটো বিলের পানি শুকিয়ে পড়ায় কয়েক দিন ধরে সেখানে চলছে টানা মাছ ধরার মহোৎসব। গতকাল কথা হয় প্রায় পনেরো বছর বয়সী নাবিদ হাসান ও ইকবাল মিয়া নামের দুই কিশোরের সঙ্গে। তারা অভিন্ন কণ্ঠে বলে, ‘পানি নামায় মাছ ধরতাছি। পুঁটি, চান্দা, ইছা, বালিগড়া, টেংরা আরও অনেক অনেক মাছ। এক ঘণ্টা মাছ ধরলে ঝুড়ি ভরি যায়!’
বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি শুভেন্দু ইমাম বলেন, ‘সিলেটের চার জেলাই হাওর অধ্যুষিত অঞ্চল। সংগত কারণেই এখানে মাছের পরিমাণ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশিই। কার্তিকের শুরুতে পানি কমার কারণেই হাওরবাসী মাছ ধরার বিমলানন্দে মেতে উঠেছেন।’
রবীন্দ্রনাথ ছোটবেলায় ফেরিওয়ালাকে মাছ বিক্রি করতে দেখেছেন। সে স্মৃতি থেকেই তিনি ‘বালক’ কবিতায় লিখেছিলেন, ‘ফেরিওয়ালা হেঁকে যেত গলির ও পার থেকে/তপ্সিমাছের ঝুড়িখানা গামছা দিয়ে ঢেকে’। সেই গামছা দিয়ে ঢেকে এই কার্তিক মাসেই হাওরের গ্রামে গ্রামে তাজা মাছ বিক্রির ধুম পড়ে। এই মাসেই তাজা সুস্বাদু মাছ দিয়ে তৈরি পাতলা ঝোলের সুঘ্রাণে মাতোয়ারা হয় হাওরবাসী।