সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া ও মুক্তারখলা হাওরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে মাসুক মিয়া নামের এক জেলে মারা গেছেন। নিখোঁজ হয়েছেন সাদিকুল ইসলাম নামের এক জেলে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ওই দুজন নিখোঁজ হন। পরে মাসুক মিয়ার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের সাদিকুল ইসলামসহ আটজন জেলে শনিবার সন্ধ্যা সাতটার দিকে টাঙ্গুয়ার হাওরের সীমানায় (ধরমপাশা উপজেলার অংশে) বেরবেরিয়া হাওরে মাছ শিকার করতে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁদের ব্যবহৃত নৌকাটি ঝোড়ো বাতাসের কবলে পড়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন সাতজন জেলেকে উদ্ধার করতে পারলেও সাদিকুল (২৪) নিখোঁজ হন। একই সময়ে টাঙ্গুয়ার হাওরের সীমানায় মুক্তারখলা হাওরে গোলাপপুর গ্রামের জেলে মো. মাসুক মিয়া (২৫) নৌকায় করে ঠেলাজাল দিয়ে মাছ শিকার করতে যান।তিনিও ঝোড়ো বাতাসের কবলে পড়ে ওই হাওরে নিখোঁজ হন।
বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে।