হাওরে মাছের উৎপাদন বাড়াতে পরিকল্পনা প্রয়োজন
হাওর-বাঁওড়ে মাছের উৎপাদন বাড়াতে হলে মুক্ত জলাশয়ে মাছের প্রজনন-পরিবেশ রক্ষা করতে হবে। যতটুকু পরিবেশ আছে তা যেন আর নষ্ট না হয়। এ জন্য হাওরের সঙ্গে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থার সমন্বয় করে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। গতকাল সোমবার হাওরাঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা উপরিউক্ত কথা বলেন। মৌলভীবাজার পৌরসভার হলরুমে মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়ার সভাপতিত্বে ও সহকারী পরিচালক নৃপেন চন্দ্র দাশের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের উপপরিচালক নিত্যানন্দ দাস। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের হাওরাঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা কর্মসূচির সমন্বয়কারী পরিচালক তপন কুমার পাল ও সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তা আজিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ ও বড়লেখা ক্ষেত্র সহকারী ফেরদৌসী বেগম। জেলা মৎস্য কর্মকর্ত কফিল উদ্দিন কাইয়া বলেন, ‘হাকালুকি হাওর হচ্ছে একমাত্র মিঠাপানির মৎস্য প্রজননক্ষেত্র। এটি হচ্ছে প্রাকৃতিক মৎস্য উৎপাদনের কারখানা (ফ্যাক্টরি)। হাকালুকি হাওরে ১৮টি বিলে অভয়াশ্রম ঘোষণা করা হলেও একটি বাদ দেওয়া হয়েছে। এখন ১৭টিতে অভয়াশ্রম হবে। এর মধ্যে মৎস্য অধিদপ্তর পলোভাঙ্গা বিলে এবং আইপ্যাক দুটি বিলে অভয়াশ্রম করবে। বাকিগুলো পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে অভয়াশ্রম করা হবে।’